হরমুজ প্রণালিতে সৌদি তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা, নিহত ২

হরমুজ প্রণালির কাছে জাহাজ চলাচলের দৃশ্য
বিদেশে এখন
0

হরমুজ প্রণালিতে সৌদি আরবের একটি তেলবাহী ট্যাংকারে ইরানের হামলায় দুই ফিলিপাইনি নাবিক নিহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি আরব। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সৌদি আরব বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ। দেশটির রাষ্ট্রীয় জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠান বাহরির মালিকানাধীন সিদর নামের ট্যাংকারটি হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় গত সোমবার রাতে হামলার শিকার হয়।

সৌদি তেল বহনকারী দুটি সুপারট্যাংকার সোমবার রাতে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় হামলার শিকার হয়েছে বলে এর আগে খবর পাওয়া যায়। বাহরি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ১১টা ৪০ মিনিটে সিদর জাহাজে একটি নিরাপত্তাজনিত ঘটনা ঘটে। এতে দুই নাবিক নিহত হন।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘উত্তেজনা বন্ধ করা এবং আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহের নিরাপত্তার প্রতি সম্মান দেখানো জরুরি।’

বাহরি জানিয়েছে, জাহাজটির সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সামুদ্রিক শিল্পের অংশীজনদের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

হরমুজ প্রণালি পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথ। যুক্তরাষ্ট্র ও ইসরাইল ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হতো।

হরমুজ প্রণালি দিয়ে অনুমতি ছাড়া চলাচল করা ট্যাংকারগুলোকে ইরান হুমকি দিয়ে আসছে। এতে উপসাগরীয় অঞ্চলের তেলসমৃদ্ধ দেশগুলোর জ্বালানি রপ্তানি ব্যাহত হচ্ছে।

এর আগে জুলাই মাসে বাহরির আরেকটি সুপারট্যাংকার ওয়াদিয়ান হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ওমানের উপকূলের কাছে হামলার শিকার হয়। এছাড়া বাহরির আরও দুটি জাহাজ মাসা ও আমজান লোহিত সাগরে হামলার শিকার হয়েছে। জুলাই ও আগস্টে এসব হামলা হয়। ইরানের মিত্র ইয়েমেনের হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করার পর এসব হামলা চালানো হয়।

এএম