নারায়ণগঞ্জে কারখানার এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪

নারায়ণগঞ্জ
ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস
এখন জনপদে
0

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কারখানার চারজন কর্মী দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের শরীরের ৪২ শতাংশ পুড়ে গেছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

গতকাল (সোমবার, ২ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার পাড়াগাঁও এলাকায় অবস্থিত সিম গ্রুপের পোশাক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে।

নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে চারজন আহত হওয়ার তথ্য জানান।

পুলিশ এবং হাসপাতালের পক্ষ থেকে চারজন দগ্ধ হওয়ার কথা বলা হলেও কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে একজন দগ্ধ হওয়ার তথ্য জানানো হয়।

কারখানাটির প্রশাসনিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম জানান, রাতে কারখানার বয়লার সেকশনের পাশে থাকা ডায়ার কম্প্রেসার মেশিনে বিস্ফোরণ ঘটে। এতে মেকানিক্যাল সাইটের ফায়ার সুপারভাইজার নাইমুল হাসান গুরুতর আহত হন। পরে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আরও পড়ুন:

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ জানান, রাত আনুমানিক ৯টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারজন অগ্নিদগ্ধ হন। পরে তাদের চিকিৎসার জন্য ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

তিনি জানান, প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে রোগীদের শরীরে বিভিন্ন মাত্রার দগ্ধের ক্ষত পাওয়া গেছে। তাদের মধ্যে ইসমাইল (৩০) শরীরের ২০ শতাংশ, কামরুল (৫৫) ২৫ শতাংশ এবং তপন (৩৮) ১২ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের সবার ক্ষেত্রেই ইনহেলেশন ইনজুরির (শ্বাসনালিতে ধোঁয়া বা উত্তপ্ত বাতাসের কারণে আঘাত) আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, নাইমুল (৩০) শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছেন। তার পাশাপাশি ইনহেলেশন ইনজুরিও রয়েছে। চারজনকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

ডা. সুলতান মাহমুদ আরও জানান, চারজনের মধ্যে নাইমুলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। রোগীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে ইনস্টিটিউটের চিকিৎসক দল কাজ করছে।

এদিকে, কী কারণে এয়ার কম্প্রেসার মেশিনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা বিস্তারিতভাবে জানা যায়নি।

এসএইচ