ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকিতে কয়েক লাখ মানুষ

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়া
বিদেশে এখন
0

কয়েক সপ্তাহ ধরে চলা ইন্দোনেশিয়ার ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে। দেশটির সুমাত্রা ও বোর্নিও দ্বীপের কালিমান্তান এলাকায় তৈরি হওয়া বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন কয়েক লাখ মানুষ। গেল ২ মাসে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ হাজার বাসিন্দা। বায়ুর মান খারাপ হওয়ায় বন্ধ করে দেয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এদিকে, ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন প্রতিবেশী সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ফিলিপিন্সের আকাশও।

ভয়াবহ দাবানলে পুড়ছে ইন্দোনেশিয়ার সুমাত্রা ও বোর্নিও দ্বীপের কালিমান্তানের বিস্তীর্ণ অঞ্চল। দাবানল থেকে সৃষ্ট বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন গোটা অঞ্চল। ঘন কালো ধোঁয়ায় দিনের বেলায়ও দৃশ্যমানতা প্রায় শূন্য।

পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে, ক্লাউড-সিডিং করেও আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকলবাহিনী। বন্যপ্রাণী রক্ষায় কয়েক হাজার কর্মী মোতায়েন করেছে কর্তৃপক্ষ।

বিষাক্ত ধোয়ায় এরইমধ্যে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে কয়েক লাখ মানুষ। ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, জুলাই ও আগস্ট মাসে ৫০ হাজারের বেশি মানুষ শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে কয়েক হাজার বাসিন্দাকে। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা।

অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হওয়ায় বন্ধ করে দেয়া হয়েছে এসব অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান। বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠানে চালু করা হয়েছে অনলাইন ক্লাস। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না বাসিন্দারা। এরইমধ্যে বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করেছেন বাসিন্দারা।

জুলাই থেকে অক্টোবর শুষ্ক মৌসুমে ইন্দোনেশিয়ার কৃষকরা পাম অয়েল, পাল্প ও কাগজ উৎপাদনের জমি পরিষ্কার করতে আগুন দেয়। যদিও এভাবে আগুন দিয়ে জমি পোড়ানো দেশটিতে নিষিদ্ধ। এরইমধ্যে দাবানলে পুড়ে গেছে ২ লাখ হেক্টরের বেশি জমি। ক্ষতির মুখে কৃষকরা।

কয়েক সপ্তাহজুড়ে চলা ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে প্রতিবেশী সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ফিলিপিন্সের বিভিন্ন অঞ্চলে। কালো বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে গেছে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার আকাশ। শহরটির বায়ুমান অস্বাস্থ্যকর পর্যায়ে নেমে এসেছে। স্থগিত করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস। স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক পরে চলাফেরা করতে হচ্ছে বাসিন্দাদের।

মালয়েশিয়ার সারাওয়াক শহরেও বাসিন্দাদের স্বাস্থ্য নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। বন্ধ ঘোষণা করা হয়েছে শহরের শতাধিক স্কুল। বাসিন্দারা বলছেন, গেল বছরের তুলনায় এবার দাবানলের বিষাক্ত ধোঁয়ার মাত্রা আরও বেড়েছে।

সিঙ্গাপুরেও বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনক পরিস্থিতিতে পৌঁছেছে। জনজীবনে নানা বিধিনিষেধ আরোপ করেছে সরকার। অস্বাস্থ্যকর পরিবেশ মোকাবিলায় বাসিন্দারা মজুত করছেন সুরক্ষা মাস্ক।

ইএ