কিয়েভে দুই বাহিনীর গোলাগুলিতে ক্ষুব্ধ জেলেনস্কি, তদন্ত শুরু

ভলোদিমির জেলেনস্কি
বিদেশে এখন
0

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির দুটি নিরাপত্তা সংস্থার সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ঘটনায় জড়িত শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তিনি।

বুধবার দিনের আলোতেই কিয়েভের রাস্তায় সামরিক গোয়েন্দা সংস্থা (জিইউআর) এবং রাষ্ট্রীয় নিরাপত্তা সার্ভিসের (এসবিইউ) সদস্যদের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে। রাশিয়ার দীর্ঘায়িত আগ্রাসনের বিরুদ্ধে যখন দেশটি যুদ্ধ করছে, তখন প্রকাশ্য দিবালোকে নিজেদের দুই সংস্থার মধ্যে এ সংঘাতে বেশ কয়েকজন কর্মকর্তা আহত হন।

গতকাল (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) রাতে এক ভাষণে জেলেনস্কি বলেন, ‘উভয় সংস্থাকেই জবাবদিহির আওতায় আনতে হবে। তারা যেভাবে আচরণ করেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ তিনি আরও জানান, দুই সংস্থার দুজন কর্মকর্তাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং ঘটনাটির তদন্ত চলছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘ঘটনার সত্যতা উন্মোচন করা এবং ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি আর কখনো না ঘটে, তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।’ উভয় সংস্থার প্রধানদের ভূমিকা মূল্যায়ন করা হবে জানিয়ে তিনি বলেন, ‘এই পরিস্থিতির জন্য দায়ী উপপ্রধানদের বরখাস্ত করা হবে।’

ইউক্রেনীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জিইউআরের অধীনে যুদ্ধরত রুশ স্বেচ্ছাসেবক কোরের এক উপঅধিনায়ককে এসবিইউ আটক করার চেষ্টা চালালে এ সংঘাতের সূত্রপাত হয়। এসবিইউর দাবি, রাশিয়ার নির্দেশনায় একটি হত্যাচেষ্টা নস্যাৎ করতে তারা নাশকতাবিরোধী অভিযান চালাচ্ছিল এবং ওই কমান্ডারের সঙ্গে রাশিয়ার গোয়েন্দা সংস্থার যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে জিইউআর দাবি করেছে, তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

এএম