জার্মানির বিমানবন্দরে ড্রোনের ঘটনায় ক্ষুব্ধ ন্যাটো, কড়া বার্তার হুঁশিয়ারি

ন্যাটোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ হুইটেকার
বিদেশে এখন
0

ন্যাটোভুক্ত মিত্রদেশগুলোর ওপর কোনো ধরনের পরিকল্পিত হাইব্রিড হামলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ন্যাটোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ হুইটেকার। জার্মানির লিপজিগ/হালে বিমানবন্দরে সম্প্রতি ঘটে যাওয়া ড্রোন ঘটনার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন। তুর্কিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইতালিতে এক ব্যবসায়িক সম্মেলনের ফাঁকে হুইটেকার বলেন, ‘ইউক্রেনে হামলার সময় ন্যাটোর আকাশসীমায় রাশিয়ার ড্রোন ভুলবশত প্রবেশের চেয়ে জার্মানি ও পোল্যান্ডে চালানো এ ধরনের সুনির্দিষ্ট হাইব্রিড তৎপরতা অনেক বেশি উদ্বেগজনক।’ তিনি বলেন, ‘এসব তৎপরতার পেছনে কারা জড়িত তা শনাক্ত করতে পারলে যেমনটি জার্মানি করেছে আমরা স্পষ্ট করে দেব যে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তা বরদাশত করা হবে না।’

জ্বালানি কেন্দ্রসহ যেকোনো গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা এ ধরনের হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করেন মার্কিন দূত। তিনি জানান, হাইব্রিড আক্রমণ মোকাবিলার প্রাথমিক দায়িত্ব সংশ্লিষ্ট সদস্যরাষ্ট্রের হলেও যুক্তরাষ্ট্র সবসময় মিত্রদের পাশে থাকবে।

গত ৫ আগস্ট লিপজিগ/হালে বিমানবন্দরে ড্রোন ঘটনার নেপথ্যে রুশ গোয়েন্দা সংস্থাকে দায়ী করে জার্মানি। এর প্রতিক্রিয়ায় দেশটির বন শহরে অবস্থিত রাশিয়ার কনস্যুলেট জেনারেল বন্ধ এবং বার্লিনের রাশিয়ান হাউসসহ রুশ সাংস্কৃতিক কেন্দ্রবিষয়ক চুক্তি বাতিল করে জার্মান সরকার।

তবে জার্মানির এসব অভিযোগকে ভিত্তিহীন ও অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জার্মানির পদক্ষেপের উপযুক্ত জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের অংশ হিসেবেই এমন অভিযোগ তুলছে বার্লিন।

এএম