সিরিয়ার ইদলিবে অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ গেল ১৪ জনের

বিস্ফোরণের পর ধোঁয়া, ঘটনাস্থলে নিরাপত্তাকর্মীরা
বিদেশে এখন
0

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে একটি অস্থায়ী অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইদলিবের সারমাদা শহরের কাছে বুর্জ আল-নিমরা গ্রামের ওই গুদামে রাখা যুদ্ধাস্ত্র থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের মধ্যে সিরীয় সামরিক বাহিনীর সদস্যরাও রয়েছেন।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়। তবে গুদামে একের পর এক হতে থাকা পরবর্তী বিস্ফোরণের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল বাহিনীকে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে। দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এপি।

বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত চলা গৃহযুদ্ধের সময়ের বিভিন্ন গোলাবারুদ ওই গুদামে মজুত রাখা ছিল। এর আগে গত ১ সেপ্টেম্বর ইদলিবের বিন্নিশ শহরে গোলাবারুদবাহী একটি গাড়ি বিস্ফোরণে পাঁচজন নিহত হন।

এএম