বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ, বাব আল-মান্দেব প্রণালি। ইয়েমেন ও জিবুতির মাঝখানে অবস্থিত সরু এই জলপথটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। মধ্যপ্রাচ্যের তেল বিশ্বের বিভিন্ন বাজারে পৌঁছে দিতে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এ প্রণালি।
তবে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের মধ্যে এখন নতুন করে তৈরি হয়েছে নিরাপত্তা সংকট। ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা কয়েক সপ্তাহ ধরে এই নৌপথে চলাচলকারী জাহাজগুলোকে হুমকি দিয়ে আসছে। আর গেলো ২ দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এরইমধ্যে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখল করেছে হুথিরা। এছাড়া প্রণালির কৌশলভাবে গুরুত্বপূর্ণ মায়ুন দ্বীপও তাদের নিয়ন্ত্রণে।
হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর বাব আল-মান্দাবের গুরুত্ব আরও বেড়ে যায়। কারণ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো এই পথ ব্যবহার করে বিপুল পরিমাণ তেল এশিয়ার বাজারে পাঠাচ্ছে। কিন্তু হুথিদের হুমকির কারণে আগস্টে এই প্রবাহ নেমে আসে মাত্র প্রায় ৪ লাখ ব্যারেলে। এখন তা আরও হ্রাস পেয়েছ। আর বাব আল-মান্দাব এড়িয়ে এশিয়ায় তেল পাঠাতে হলে জাহাজগুলোকে দীর্ঘ পথ ঘুরতে হচ্ছে।
সুয়েজ খাল হয়ে ভূমধ্যসাগরে ঢুকে আফ্রিকার পশ্চিম উপকূল ধরে দক্ষিণে গিয়ে আফ্রিকার প্রান্ত ঘুরে আবার ভারত মহাসাগর পেরিয়ে এশিয়ায় পৌঁছাতে হচ্ছে। ফলে একটি যাত্রায় প্রায় এক মাস পর্যন্ত অতিরিক্ত সময় লাগতে পারে। বাড়ছে জ্বালানি, বীমা ও পরিবহন ব্যয়। আর সেই বাড়তি খরচ শেষ পর্যন্ত চাপ তৈরি করবে ভোক্তার ওপর। এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ এই নৌপথে সংকট দীর্ঘায়িত হলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, পৌঁছাতে পারে পুরো বিশ্ব অর্থনীতিতে।





