কামিকাজে ড্রোন তৈরিতে এআই ব্যবহার করেছে রাশিয়া, দাবি অ্যানথ্রোপিকের

এআই চ্যাটবট ক্লডের নির্মাতা অ্যানথ্রপিক
বিদেশে এখন
0

ইউক্রেন যুদ্ধে স্বয়ংক্রিয় ‘কামিকাজে’ বা আত্মঘাতী ড্রোনের সফটওয়্যার তৈরিতে রাশিয়ার হ্যাকাররা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করেছে। এআই চ্যাটবট ক্লডের নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক তাদের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অ্যানথ্রোপিকের ১৫৪ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার একদল ফ্রিল্যান্স সফটওয়্যার ডেভেলপার চ্যাটবট ক্লড ব্যবহার করে ড্রোন ঝাঁকের (ড্রোন সোয়ার্ম) স্বয়ংক্রিয় সফটওয়্যার তৈরি করেছে। এই প্রযুক্তির মাধ্যমে মানুষের সরাসরি নিয়ন্ত্রণ ছাড়াই ড্রোনগুলো নিজে থেকে লক্ষ্যবস্তু নির্ধারণ, দিক পরিবর্তন ও লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। ভৌগোলিক নিষেধাজ্ঞা এড়াতে রুশ ডেভেলপাররা ভিপিএন ব্যবহার করে ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলকে লক্ষ্য করে এই প্রোগ্রামিং তৈরি করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, রুশ হ্যাকাররা ইউক্রেনের সরকারি, সামরিক ও কূটনৈতিক কর্মকর্তাদের লক্ষ্য করে সাইবার হামলা চালাতেও এআই ব্যবহার করছে। রাশিয়ার রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এসভিআরের সঙ্গে সম্পৃক্ত হ্যাকার গ্রুপ মিডনাইট ব্লিজার্ড ইউক্রেনে ফিশিং হামলা ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে এই প্রযুক্তি ব্যবহার করেছে। নিরাপত্তা ব্যবস্থা এড়াতে এআই-এর মাধ্যমে ক্ষতিকর ম্যালওয়্যারের কোড বারবার পরিবর্তন করার প্রমাণও পাওয়া গেছে।

এদিকে কিয়েভের পেট্রোল পাম্পগুলোতে রাশিয়ার জেট-চালিত ড্রোনের হামলা জোরদার হয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, শুক্রবার সকালে রাষ্ট্রীয় তেল-গ্যাস কোম্পানি ইউক্রনাফটার দুটি পেট্রোল পাম্পে হামলায় অন্তত দুজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। সম্প্রতি টেলিগ্রামে ছড়িয়ে পড়া কিয়েভের ১৮টি পেট্রোল পাম্পের লক্ষ্যবস্তুর তালিকায় এই পাম্পগুলোর নাম ছিল।

ব্রিকস শীর্ষ সম্মেলনের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন সংকটের জন্য পশ্চিমা বিশ্বকে দায়ী করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘ইউরোপে এখন যা ঘটছে, তা মূলত রাজনীতি, নিরাপত্তা ও অর্থনীতিতে পশ্চিমা বিশ্বনেতাদের পদ্ধতিগত ভুলের ফসল।’ অন্যদিকে ইউক্রেন সীমান্তে রুশ উসকানির মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার প্যাকেজ পাসের তোড়জোড় চলছে।

গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের দিনিপ্রোপেত্রভস্ক, জাপোরিঝঝিয়া ও খারকিভে রুশ হামলায় তিনজন নিহত হয়েছেন। পাল্টা ব্যবস্থা হিসেবে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তুলা ও কুরস্ক অঞ্চলে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

এএম