কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্ব দখল করবে না, এনভিডিয়া প্রধানকে বললেন ট্রাম্প

এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে তৈরি হওয়া বিশ্বব্যাপী নিরাপত্তাসংক্রান্ত ভয়কে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রযুক্তি খাতের সম্মেলন অল-ইন সামিটে চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের সঙ্গে সরাসরি ফোনালাপে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প জোর দিয়ে বলেন, এআই প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে অবশ্যই চীনকে পরাজিত করতে হবে। ফক্স বিজনেসের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সম্মেলন চলাকালে জেনসেন হুয়াং স্পিকারফোনে ট্রাম্পকে যুক্ত করেন। এ সময় ট্রাম্প বলেন, ‘রোবট বিশ্ব দখল করবে না। এআই পুরো বিশ্বের নিয়ন্ত্রণ নেবে না। এই পুরো বিষয়টি একটি ভুয়া খবর।’ ট্রাম্পের মতে, এআই নিয়ে যারা ভয় ছড়াচ্ছেন, তারা মূলত চীন কিংবা এই প্রযুক্তির অগ্রগতি রোধ করতে চাওয়া রাজনৈতিক ব্যক্তিদের স্বার্থ রক্ষা করছেন।

এআই প্রযুক্তির মূল ভিত্তি ডেটা সেন্টারের দ্রুত প্রসারের পক্ষে অবস্থান নিয়ে ট্রাম্প একে আগামী ২০ থেকে ২৫ বছরের নতুন ‘তেল’ হিসেবে অভিহিত করেন। ফোনালাপে এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একমত প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্রের এআই প্রতিযোগিতায় প্রতিটি শিল্প ও প্রতিষ্ঠান লাভবান হবে।

প্রযুক্তি খাতের বেশ কয়েকজন শীর্ষ ব্যক্তিত্ব এআই সুরক্ষায় কঠোর নীতিমালার দাবি জানানোর পরেই ট্রাম্পের এই অবস্থান সামনে এলো। সম্প্রতি অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী ডারিও আমোদেই এআই-এর ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন, যা সমর্থন করেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক এবং ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান। তবে মার্কিন হাউস স্পিকার মাইক জনসন জানান, আইনি কড়াকড়ির চেয়ে প্রযুক্তি খাতের নির্বাহীদেরই সুরক্ষার বিষয়টি ঠিক করা উচিত।

এএম