কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্কের প্রেক্ষাপটে ইইউর সঙ্গে একটি ‘অনন্য অর্থনৈতিক ও কৌশলগত জোট’ গঠনের ইচ্ছা প্রকাশ করেছিলেন। ইউরোপীয় পার্লামেন্টে উপস্থিত কার্নির উপস্থিতিতে উরসুলা ভন ডার লিয়েন বলেন, কানাডাকে এই প্রস্তাব দেয়া অন্য কোনো দেশের বিরুদ্ধে নয়, বরং নিজেদের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে নেয়া পদক্ষেপ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ার পর গত মাসে উভয় দেশ একে অপরের ওপর নতুন করে শুল্ক আরোপ করে। ফলে বাণিজ্যিক সুরক্ষার জন্য নতুন মিত্রের সন্ধান করছে অটোয়া। ইইউ প্রধান জানান, জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ, ব্যাটারি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা এবং অর্থনৈতিক সুরক্ষাসহ একাধিক ক্ষেত্রে কানাডার সঙ্গে তাদের দৃষ্টিভঙ্গির অভিন্নতা রয়েছে।
রাশিয়া থেকে আসা সম্ভাব্য নিরাপত্তা হুমকি মোকাবিলায় ইইউ প্রধান একটি ‘ইউরোপীয় সিকিউরিটি কাউন্সিল’ গঠনেরও প্রস্তাব করেন। প্রস্তাবিত এই কাউন্সিলে ইইউর পাশাপাশি যুক্তরাজ্য, ইউক্রেন, নরওয়ে ও কানাডাকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।





