এশিয়ায় বাড়তি সরবরাহে দরপতন, ব্রেন্ট ক্রুড ১০৩ ডলারে

তেল পাম্পের প্রতীকী ছবি
বিদেশে এখন
0

এশিয়ার দেশগুলোতে বিকল্প উপায়ে অতিরিক্ত অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। ওমানের সোহার বন্দরের কাছে জাহাজ থেকে জাহাজে স্থানান্তরের মাধ্যমে এ জ্বালানি তেল পাঠানো হচ্ছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে ঘাটতির শঙ্কা কিছুটা কমে আসায় আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) তেলের দাম কমেছে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের নভেম্বর সরবরাহের দাম ১.৭৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০৩.৯৯ ডলারে নেমে এসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের অক্টোবর সরবরাহের দাম ১.৬৪ শতাংশ কমে ১০০.৭৫ ডলারে দাঁড়িয়েছে।

সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে সাম্প্রতিক হামলার পর লোহিত সাগরের ইয়ানবু বন্দর থেকে তেল খালাস স্থগিত করা হয়েছিল। এর ফলে চলতি সপ্তাহের শুরুতে তেলের দাম বেড়ে চার মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। ইয়ানবু বন্দরের সেই ঘাটতি মেটাতে ওমান উপকূল দিয়ে এশিয়ায় অতিরিক্ত তেল পাঠানোর ব্যবস্থা করছে রিয়াদ।

তবে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালি ও বাব এল-মান্দেব প্রণালি দিয়ে তেল পরিবহন এখনো স্বাভাবিকের চেয়ে বেশ কম রয়েছে। এর পাশাপাশি মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪ শতাংশ করায় মার্কিন ডলার শক্তিশালী হয়েছে, যা তেলের বাজারে দরপতনের পেছনে কাজ করেছে। এদিকে যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক তেলের মজুত টানা তৃতীয় সপ্তাহের মতো কমলেও তা বাজার প্রত্যাশার চেয়ে কম ছিল।

এএম