মধ্য আফ্রিকায় নির্যাতনের দায়ে সাবেক মিলিশিয়া নেতা দোষী সাব্যস্ত, রায় দিলো আন্তর্জাতিক অপরাধ আদালত

আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলার রায় ঘোষণার সময় মাহামাত সাইদ আবদেল কানি
বিদেশে এখন
0

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নির্যাতনসহ একাধিক মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে সেলেকা মিলিশিয়া বাহিনীর সাবেক এক নেতাকে দোষী সাব্যস্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।

নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আদালত প্রাঙ্গণে বুধবার বিচারক মিয়াত্তা মারিয়া সাম্বা এই রায় ঘোষণা করেন। বিচারকরা সাবেক মিলিশিয়া কমান্ডার মাহামাত সাইদ আবদেল কানির বিরুদ্ধে নিপীড়ন ও নির্যাতনসহ চারটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানান। তবে ঘটনার সময়ে সশস্ত্র সংঘাত শেষ হয়ে গিয়েছিল উল্লেখ করে তার বিরুদ্ধে আনা যুদ্ধাপরাধের বেশ কিছু অভিযোগ খারিজ করে দেন আদালত।

প্রসিকিউটরদের অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালে রাজধানী বাঙ্গিতে একটি কারাগার পরিচালনার দায়িত্বে ছিলেন সাইদ। সেখানে তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া বোজিজের সমর্থক সন্দেহে আটক ব্যক্তিদের ওপর বেধড়ক মারধর ও নির্যাতন চালানো হতো। সাইদের সাজার মেয়াদ নির্ধারণে পরবর্তীতে আলাদা একটি শুনানি অনুষ্ঠিত হবে।

২০১৩ সালে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের দীর্ঘদিনের গৃহযুদ্ধের অংশ হিসেবে ক্ষমতা দখল করে দেশটির মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিদ্রোহীদের জোট সেলেকা। তারা তৎকালীন প্রেসিডেন্ট বোজিজেকে ক্ষমতাচ্যুত করার পর এর বিপরীতে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ ‘অ্যান্টি-বালাকা’ নামে পাল্টা মিলিশিয়া গোষ্ঠী গড়ে ওঠে।

২০১৪ সাল থেকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ঘটে যাওয়া সহিংসতার তদন্ত চালাচ্ছে আইসিসি। এর আগে ‘অ্যান্টি-বালাকা’ বাহিনীর দুই নেতাকে সাজা দেয়া হলেও সেলেকা বাহিনীর প্রথম কোনো সদস্য হিসেবে মাহামাত সাইদ আবদেল কানি দোষী সাব্যস্ত হলেন।

এএম