ইসরাইলে সব ফ্লাইট স্থগিতের ঘোষণা ফ্লাইদুবাইয়ের

ফ্লাইদুবাইয়ের আরেকটি ফ্লাইটে বেন গুরিয়ন বিমানবন্দরে নামছেন যাত্রীরা
বিদেশে এখন
0

দুবাই থেকে তেল আবিবগামী উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনার তদন্ত চলার মধ্যে ইসরাইলে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে ফ্লাইদুবাই। ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের সুপারিশের পর এ সিদ্ধান্ত জানায় দুবাই সরকারের মালিকানাধীন উড়োজাহাজ সংস্থাটি।

এর আগে ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে মাঝআকাশে সহকারী পাইলট প্রধান পাইলটকে ছুরিকাঘাত করে উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টা করেন। আক্রান্ত পাইলট প্রতিরোধ গড়ে তুলে ককপিটের দরজা খুলে দিলে যাত্রীদের সহায়তায় হামলাকারীকে কাবু করা হয়। পরে উড়োজাহাজে থাকা অন্য পাইলটরা সেটিকে নিরাপদে সৌদি আরবে জরুরি অবতরণ করান।

উড়োজাহাজটিতে ১৭৪ জন আরোহী ছিলেন, যাদের প্রায় সবাই ইসরাইলি নাগরিক। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু জানান, হামলাকারী ওমানি সহকারী পাইলটকে সৌদি কর্তৃপক্ষ গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে। নেতানিয়াহু বলেন, গুরুতর আহত হওয়া সত্ত্বেও ভারতীয় নাগরিক ক্যাপ্টেন স্মিত মাছছার সাহসিকতার সঙ্গে ককপিটের দরজা খুলে দেন, যার ফলে ক্রু ও যাত্রীরা হামলাকারীকে প্রতিহত করতে পেরেছিলেন। এ ঘটনার তদন্তে ইসরাইলও অংশ নেবে বলে জানান তিনি।

ফ্লাইদুবাই এক বিবৃতিতে বলেছে, ‘এই সাময়িক স্থগিতাদেশের ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বিঘ্নে তদন্ত চালিয়ে সব তথ্য উদঘাটন করতে পারবে।’ অন্যদিকে এ ঘটনার পর নিজ দেশে আসা বিদেশি ফ্লাইটের পাইলটদের পরিচয় ও তথ্য যাচাই প্রক্রিয়া আরও কঠোর করার নির্দেশ দিয়েছে ইসরাইল।

এএম