গোলটেবিল বৈঠকে শি জিনপিং যখন মুক্ত ও অবাধ বাণিজ্যের গুরুত্ব নিয়ে বক্তব্য দিচ্ছিলেন, তখন ক্যামেরা মার্কিন প্রেসিডেন্টের দিকে ঘোরানো হয়। সে সময় ট্রাম্পকে প্রায় ১০ সেকেন্ড চোখ বন্ধ করে থাকতে দেখা যায়। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশনের (সিসিটিভি) ধারণ করা ওই ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। রিপাবলিকানস অ্যাগেইনস্ট ট্রাম্প নামের একটি গোষ্ঠীসহ সমালোচকেরা সংক্ষিপ্ত ওই ভিডিও ক্লিপ শেয়ার করে দাবি করেন, ট্রাম্প ঘুমিয়ে পড়েছিলেন। সম্মেলনের সংবাদকর্মীদের বসার স্থান থেকে ধারণ করা আরেকটি ভিডিওতে দেখা যায়, ট্রাম্পের চোখ বন্ধ করে থাকার দৃশ্যটি সম্মেলনস্থলের বিশাল পর্দায় সম্প্রচারিত হচ্ছে। এ বিষয়ে মন্তব্যের জন্য নিউজউইকের পক্ষ থেকে বৃহস্পতিবার দাপ্তরিক সময়ের বাইরে ই-মেইলে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে রিপাবলিকানস অ্যাগেইনস্ট ট্রাম্প এপেক সম্মেলনের এই মুহূর্তটিকে ‘বিশ্বমঞ্চে বিব্রতকর’ বলে অভিহিত করেছে। রাজনৈতিক বিশ্লেষক ও ট্রাম্পের নিয়মিত সমালোচক ব্রায়ান ক্র্যাসেনস্টেইন একে ‘প্রতিটি আমেরিকানের জন্য বিব্রতকর’ বলে বর্ণনা করেছেন। আরেক সমালোচক ও আইনজীবী জর্জ কনওয়ে এক্সে ভিডিওটি নিয়ে মন্তব্য করেছেন, ‘হ্যাঁ, এটি বিব্রতকর। তবে এভাবে থাকলেই বিশ্ব বেশি নিরাপদ।’
তবে সিএনএনের এক ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে ট্রাম্পের সমর্থকেরা তার পক্ষ নিয়েছেন। চীনের সঙ্গে সময়ের পার্থক্যের কথা উল্লেখ করে তারা বলেছেন, সম্ভবত দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তির কারণে এমনটি হয়েছে। তবে ওয়াশিংটন ডিসিতে থাকার সময়ও ট্রাম্পের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। সর্বশেষ গত সেপ্টেম্বর ও অক্টোবরে ওভাল অফিসে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত বৈঠকে নিজের চেয়ারে বসে তাকে ঘুমিয়ে পড়তে দেখা গেছে বলে অভিযোগ ওঠে।
বর্তমানে ৮০ বছর বয়সী ট্রাম্পকে প্রকাশ্য অনুষ্ঠানে সংক্ষিপ্ত সময়ের জন্য ঝিমিয়ে পড়ার বেশ কিছু ঘটনার পর দীর্ঘদিন ধরেই বয়স নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। অবশ্য জনসমক্ষে ঘুমিয়ে পড়ার কথা তিনি বরাবরই জোরালোভাবে অস্বীকার করে আসছেন। গত জানুয়ারিতে এ ধরনের দাবির জবাবে তিনি বলেছিলেন, বৈঠকগুলো তার কাছে ‘আরামদায়ক’ মনে হয় এবং তিনি কেবল ‘চোখের পলক ফেলছিলেন’। এর আগে নিজের চেয়ে তিন বছরের বড় পূর্বসূরি জো বাইডেনকে প্রায়ই স্লিপি জো (ঘুমকাতুরে জো) বলে কটাক্ষ করতেন ট্রাম্প এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে তার শারীরিক সক্ষমতা ও কর্মশক্তি নিয়ে প্রশ্ন তুলতেন। কিন্তু ২০২৫ সাল থেকে প্রকাশ্য অনুষ্ঠানে ট্রাম্পের ঝিমিয়ে পড়ার ভিডিও বারবার ছড়িয়ে পড়ায় ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউসমের প্রেস দপ্তর তাকে ডোজি ডন (ঝিমুনি ডন) নাম দেয়।
২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার সময় জো বাইডেনের রেকর্ড ভেঙে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হন ট্রাম্প। মার্কিন রাজনৈতিক নেতাদের ক্রমবর্ধমান বয়স নিয়ে চলমান বৃহত্তর বিতর্কের অংশ হিসেবেই তার বয়স ও দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে এসব প্রশ্ন উঠছে।
এদিকে সম্মেলনের আরেকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, একসঙ্গে চলন্ত সিঁড়িতে ওঠার সময় শি জিনপিংয়ের হাত ধরার জন্য হাত বাড়িয়ে দেন ট্রাম্প। তবে চীনা প্রেসিডেন্ট হাত না ধরে মার্কিন প্রেসিডেন্টের হাতের নিচের অংশ (বাহু) ধরেন।
—নিউজ উইকের প্রতিবেদনে অবলম্বনে





