যুক্তরাজ্যে ইহুদিদের ওপর হামলার চক্রান্ত; আদালতে দুই ইরানি নাগরিক

বিদেশে এখন
0

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইহুদি সম্প্রদায়ের ওপর ঘরে তৈরি বোমা দিয়ে হামলার চক্রান্তের অভিযোগে দুই ইরানি নাগরিককে লন্ডনের একটি আদালতে হাজির করা হয়েছে। আজ (শনিবার, ৩ অক্টোবর ) তাদের লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন ৩৪ বছর বয়সী রহমান সালেহি ও ৩৬ বছর বয়সী সালাম আহমদিয়ান। প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর ইহুদিদের পবিত্র দিন ইয়ম কিপুরের শুরুতে ম্যানচেস্টারে সম্ভাব্য ইহুদি লক্ষ্যবস্তুতে নজরদারি চালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়।

আদালতে প্রসিকিউটর মার্ক লাকেট জানান, হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে ম্যানচেস্টার ইহুদি জাদুঘর এবং হিটন পার্ক সিনাগগ ছিল। প্রায় এক বছর আগে ওই সিনাগগে চালানো হামলায় দুজন ইহুদি নিহত হয়েছিলেন। ক্লোরিন ও ব্রেক ফ্লুইড দিয়ে ঘরে তৈরি বোমা বানানোর বিষয়ে তারা ইরানে অবস্থানরত এক ব্যক্তির কাছ থেকে দিকনির্দেশনা পাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।

আদালতকে জানানো হয়, অভিযুক্ত দুজনই ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করেছিলেন। সালেহি ২০২০ সালে এসে রাজনৈতিক আশ্রয় পান। ২০২৩ সালে আসা আহমদিয়ানের আশ্রয়ের আবেদন এখনো বিবেচনাধীন রয়েছে। আদালত তাদের জামিন না দিয়ে আগামী ২৩ অক্টোবর লন্ডনের ওল্ড বেইলি আদালতে পরবর্তী শুনানির দিন পর্যন্ত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে গত সপ্তাহে মার্কিন বিমানবাহিনীর ব্যবহৃত আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে হামলার ষড়যন্ত্রে ইরানের সংশ্লিষ্টতার সন্দেহে এক দ্বৈত নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল। তবে ব্রিটিশ পুলিশ জানিয়েছে, ফেয়ারফোর্ড ঘটনার সঙ্গে ম্যানচেস্টারের এই চক্রান্তের কোনো যোগসূত্র নেই। ইরান তাদের বিরুদ্ধে ওঠা সব ধরনের হামলার অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এক বিবৃতিতে বলেন, ‘ইরান সরকারের পক্ষ থেকে এ দেশ মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে, এটা কোনো গোপন বিষয় নয়। তারা আমাদের ইহুদি সম্প্রদায়কে নিশানা বানাচ্ছে এবং অপরাধীদের ব্যবহারের মাধ্যমে বিদেশে সমালোচকদের মুখ বন্ধ করার চেষ্টা করছে।’

এএম