তেহরানের দেয়ালে দেয়ালে ট্রাম্পকে ব্যঙ্গ করে বিশাল বিলবোর্ড; প্রচারযুদ্ধে জোর ইরানের

তেহরানে ডোনাল্ড ট্রাম্পবিরোধী বিলবোর্ডের পাশ দিয়ে গাড়ি চলছে
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে এবং মার্কিন ড্রোন জব্দ করার দৃশ্য ফুটিয়ে তুলে ইরানের রাজধানী তেহরানের দেয়ালে দেয়ালে টানানো হয়েছে বিশাল সব বিলবোর্ড। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে নিজেদের অবস্থান তুলে ধরতে এবং প্রচারযুদ্ধ জোরদার করতে এ উদ্যোগ নিয়েছে দেশটির রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাওয়া একটি ডিজাইনার দল।

তেহরানের ব্যস্ততম ভালিয়াসর চত্বরসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় এসব বিলবোর্ড তৈরি ও স্থাপনের কাজ করছে ডিজাইনার্স হাউস (খানা-ই তাররাহান) নামের একটি স্টুডিও। সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি বড় গণমাধ্যম প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হয় এ প্রতিষ্ঠানটি।

বিলবোর্ডগুলোর একটিতে দেখা যায়, ট্রাম্পের মুখ হরমুজ প্রণালির জলপথের ছবি দিয়ে সেলাই করে বন্ধ করে দেয়া হয়েছে এবং নিচে লেখা রয়েছে ‘ভেঙে পড়ার দ্বারপ্রান্তে’। আরেকটি বিলবোর্ডে সাগরে ইরানের হাতে আটক মার্কিন চালকবিহীন ড্রোনকে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) এক সদস্যের বুটের নিচে দেখানো হয়েছে। এছাড়া জাদুকরের বাক্সে ট্রাম্পকে কোকাকোলা ও বার্গার হাতে আটকে থাকার ব্যঙ্গাত্মক দৃশ্যও স্থান পেয়েছে অন্য একটি বিলবোর্ডে।

ডিজাইনার্স হাউসের প্রধান ৩২ বছর বয়সী মোস্তফা কাফায়ি বলেন, ‘যেকোনো বড় ঘটনার খবর আসার পরপরই আমাদের দল কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে নানা ধারণা নিয়ে আলোচনার পর গ্রাফিক ডিজাইনারদের মাধ্যমে দ্রুত তা ফুটিয়ে তোলা হয়।’ দ্রুত পোস্টার তৈরির কাজে তারা ফটোশপের পাশাপাশি চ্যাটজিপিটিসহ বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করেন বলে জানান তিনি।

কাফায়ি আরও জানান, ট্রাম্প একজন গণমাধ্যম ব্যক্তিত্ব হওয়ায় তার যেকোনো তৎপরতার জবাব দৃশ্যমান মাধ্যমে দেয়াকে তারা যুদ্ধক্ষেত্রের লড়াইয়ের মতোই বিবেচনা করেন। রাজনীতি নিয়ে খুব বেশি ভাবেন না এমন সাধারণ মানুষকে দেশের চলমান পরিস্থিতি ও রাষ্ট্রীয় বার্তা সহজে বোঝাতে এসব বিলবোর্ড কার্যকর ভূমিকা রাখছে।

এএম