লস অ্যাঞ্জেলেস বা সান ডিয়েগো ধ্বংস হলেও ক্ষতি নেই; ট্রাম্পের বক্তব্যে ক্যালিফোর্নিয়ায় তোলপাড়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কিংবা সান ডিয়েগোর মতো শহর ধ্বংস হলেও তা বিশ্বকে নিরাপদ রাখার জন্য ‘খুব সামান্য ত্যাগ’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শীর্ষ নেতাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইউএসএ টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গতকাল (সোমবার, ৫ অক্টোবর ) যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার গ্র্যান্ড আইল্যান্ডে মধ্যবর্তী নির্বাচনি এক সমাবেশে ট্রাম্প এ বিতর্কিত মন্তব্য করেন। ইরান সংঘাতের কারণে পেট্রোল বা জ্বালানির মূল্যবৃদ্ধির বিষয়টি তুলে ধরে তিনি মার্কিন নাগরিকদের এ অর্থনৈতিক প্রভাব মেনে নেয়ার আহ্বান জানান।

সমাবেশে ট্রাম্প বলেন, ‘তারা একটি শহর ধ্বংস করে দিতে পারে। তাদের লস অ্যাঞ্জেলেস বা সান ডিয়েগো উড়িয়ে দিতে দিন। এটি খুবই সামান্য ত্যাগ।’ যুদ্ধ প্রায় শেষ হয়ে এসেছে দাবি করে তিনি আরও বলেন, পুরো বিশ্বকে নিরাপদ রাখার জন্য এটি একেবারেই সামান্য মূল্য।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুটি বৃহত্তম মহানগরী লস অ্যাঞ্জেলেস ও সান ডিয়েগো। লাখ লাখ মানুষের আবাসস্থল এই দুই শহরে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র ও অর্থনৈতিক অবকাঠামো রয়েছে। ট্রাম্পের এমন বক্তব্যের পর ক্যালিফোর্নিয়ার নেতারা অভিযোগ করেন, প্রেসিডেন্ট সেখানকার লাখ লাখ মানুষকে অপ্রয়োজনীয় বা সহজেই বিসর্জন দেয়ার মতো মনে করছেন।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, ‘ক্যালিফোর্নিয়া দখলে ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা পাঠানোর পর ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন আমাদের বিদেশি শত্রুরা যেন লস অ্যাঞ্জেলেস ও সান ডিয়েগো ধ্বংস করে দেয়। তিনি অপ্রকৃতিস্থ ও বিপজ্জনক।’

সান ডিয়েগোর মেয়র টড গ্লোরিয়াও এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ‘সান ডিয়েগো কোনো যুদ্ধের আনুষঙ্গিক ক্ষয়ক্ষতি নয়। আমরা বিসর্জন দেয়ার মতো কেউ নই এবং এটি কখনোই “সামান্য মূল্য” হতে পারে না। আপনার বেপরোয়া যুদ্ধের কথাবার্তা থেকে আমাদের শহরকে দূরে রাখুন।’

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস এক বিবৃতিতে ট্রাম্পের বক্তব্যকে বিপজ্জনক বলে আখ্যায়িত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, প্রেসিডেন্টের কাজ দেশকে রক্ষা করা, সরাসরি হুমকি দেয়া কিংবা আমেরিকানদের জীবনের ওপর হামলায় উসকানি দেয়া নয়। এছাড়া ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যাডাম শিফ সোমবার ট্রাম্পের এমন বক্তব্যের তীব্র নিন্দা জানান।

এএম