ট্রাম্পকে ‘স্যার’ বলে ডাকেন মেলানিয়া; ২১ বছরের দাম্পত্য নিয়ে মার্কিন প্রেসিডেন্টের অদ্ভুত দাবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

দীর্ঘ ২১ বছরের দাম্পত্য জীবনে স্ত্রী মেলানিয়া ট্রাম্প তাকে কোনো আদুরে নামে নয়, বরং অফিসের কোনো কর্মচারীর মতো ‘স্যার’ বলে সম্বোধন করেন—টেক্সাসের এক নির্বাচনি সমাবেশে এমন এক অদ্ভুত দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল (বুধবার, ৭ অক্টোবর ) সান আন্তোনিওতে রিপাবলিকান সিনেট প্রার্থী কেন প্যাক্সটনের সমর্থনে আয়োজিত এক প্রচার সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জেমস তালারিকোর খাদ্যাভ্যাস নিয়ে আক্রমণ করেন। তালারিকোকে সম্পূর্ণ নিরামিষাশী বা ‘ভেগান’ দাবি করতে গিয়ে ট্রাম্প জানান, শব্দের সঠিক উচ্চারণের ক্ষেত্রে তার স্ত্রী তাকে সংশোধন করে দিয়েছিলেন। ট্রাম্প সমাবেশে বলেন, ‘আপনারা জানেন, আমার স্ত্রী আমাকে বলেছিল, স্যার, আমার একটা অনুরোধ রাখুন এটি ভে-গান নয়, উচ্চারণ হবে ভি-গান।’

টেক্সাসের মতো গবাদিপশু পালন প্রধান অঙ্গরাজ্যে খাদ্যাভ্যাস রাজনীতিতে একটি সংবেদনশীল বিষয়। ৩৭ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী জেমস তালারিকো শুরু থেকেই নিজেকে নিরামিষাশী দাবি করার বিষয়টি অস্বীকার করে আসছেন। তবে সমাবেশে ট্রাম্প দাবি করেন, মাংস খাওয়ার বিষয়ে অসত্য বলছেন তালারিকো। এমনকি রাজনীতির স্বার্থে বারবিকিউ খাওয়ার কারণে তালারিকো পেটের সমস্যায় ভুগে নির্বাচনি প্রচার থেকে সাময়িক দূরে ছিলেন বলেও কটাক্ষ করেন ট্রাম্প। এর জবাবে তালারিকো জানান, কেন প্যাক্সটনের বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ ওঠার অনেক আগে থেকেই তিনি নিয়মিত বারবিকিউ খেয়ে আসছেন।

সাম্প্রতিক বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, রিপাবলিকান প্রার্থী প্যাক্সটনের চেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী তালারিকো। সিয়েনা কলেজের সাম্প্রতিক জরিপে তালারিকো ৫১-৪৫ শতাংশ ব্যবধানে এবং ফক্স নিউজের জরিপে ৫১-৪৯ শতাংশ ব্যবধানে এগিয়ে রয়েছেন। এই ব্যবধান বজায় থাকলে ১৯৯০ সালে অ্যান রিচার্ডসের গভর্নর নির্বাচিত হওয়ার পর গত ৩৬ বছরে টেক্সাসে রাজ্যপর্যায়ের কোনো নির্বাচনে জয় পাওয়া প্রথম ডেমোক্র্যাট হবেন তালারিকো। ১৯৮৮ সালে লয়েড বেন্টসনের পর অঙ্গরাজ্যটিতে আর কোনো ডেমোক্র্যাট প্রার্থী সিনেট নির্বাচনে জয়ী হতে পারেননি।

এএম