টানা চতুর্থ দিনের মতো বন্ধ সৌদির কিং খালিদ বিমানবন্দর

বন্ধ বিমানবন্দর
বিদেশে এখন
0

টানা চতুর্থ দিনের মত সৌদি আরবে হুথিদের হামলার জেরে বন্ধ রয়েছে দেশটির রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। এতে ব্যাহত হচ্ছে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সঙ্গে রিয়াদের বিমান চলাচল।

সিভিল এভিয়েশন বাংলাদেশের তথ্য অনুযায়ী রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় আজ (বুধবার, ১৪ অক্টোবর) সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে মোট ৬টি ফ্লাইট পরিচালনা স্থগিত হয়েছে। এর পাশাপাশি বন্ধ রয়েছে ঢাকা থেকে দাম্মাম ফ্লাইটও।

তবে সীমিত পরিসরে বন্ধ থাকা জেদ্দা ফ্লাইট চালু হয়েছে। সচল আছে মদিনা ও মক্কা ফ্লাইটও। এর আগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সবশেষ তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর থেকে গত মঙ্গলবার পর্যন্ত সৌদিগামী ৩২টি সরাসরি এবং ৫০টি ট্রানজিট ফ্লাইটসহ মোট ৮২ টি ফ্লাইট বাতিল হয়েছে।

এতে ১৩ হাজার যাত্রীর সৌদি আরবযাত্রা অনিশ্চয়তায় পড়েছে। এদিকে ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা–রিয়াদ–ঢাকা ও ঢাকা–দাম্মাম–ঢাকা রুটের সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

একই রুটে ২১ অক্টোবর পর্যন্ত ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। ভিসার মেয়াদ বিবেচনায় যাত্রীদের সৌদি আরবে পৌঁছে দিতে বিকল্প রুটে ফ্লাইট পরিচালনার বিষয়েও কাজ করছে বিমান বাংলাদেশ।

এফএস