স্বামীকে ‘আমার প্রেসিডেন্ট’ বলে ফেললেন প্রেস সেক্রেটারি; ভুল শুধরে পাশে দাঁড়ালেন ট্রাম্প

কেটি জাকারিয়া
বিদেশে এখন
0

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হিসেবে নিজের প্রথম সংবাদ সম্মেলনে স্বামীকে ‘প্রেসিডেন্ট’ বলে ফেলে কিছুটা অপ্রস্তুত পরিস্থিতিতে পড়েন কেটি জাকারিয়া। তবে প্রথম ব্রিফিংয়ে এমন ভুলের পরও তার প্রশংসা করে পাশে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইয়াহু নিউজে প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

দায়িত্ব নেয়ার চার দিন পর মঙ্গলবার হোয়াইট হাউসের জেমস এস ব্র্যাডি প্রেস ব্রিফিং কক্ষে সাংবাদিকদের মুখোমুখি হন কেটি। চার সন্তান লালনপালনের পাশাপাশি নতুন এই গুরুদায়িত্ব কীভাবে সামলাবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে মুখ ফসকে এই ভুল করে বসেন তিনি।

পরিবার থেকে পাওয়া সমর্থনের কথা তুলে ধরে কেটি শুরুতেই বলেন, ‘প্রথমেই আমি আমার স্বামীকে আন্তরিক সাধুবাদ জানাতে চাই।’ এর পরপরই তিনি বলে ওঠেন, ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত, আমার স্বামী, দারুণ এক ব্যাপার।’ এরপর পরিবারের ওয়াশিংটন সফরের কথা ব্যাখ্যা করেন তিনি।

কেটি জানান, তাদের চার সন্তানের বয়স যথাক্রমে ১২, ১০, ৮ ও ৬ বছর, যার মধ্যে তিনজন ছেলে। পরিবারের দুটি জন্মদিন উদযাপন করতে তার স্বামী সন্তানদের নিয়ে ওয়াশিংটনে এসেছেন। পরিবারটি ক্যালিফোর্নিয়া থেকে ওয়াশিংটনে স্থায়ীভাবে স্থানান্তরিত হচ্ছে বলেও জানান তিনি।

প্রায় ১৪ মিনিটের এই সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনটি গণমাধ্যমের প্রশ্নের উত্তর দেন কেটি। পরে ট্রাম্পের নির্বাচনি সফরের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। সংবাদ সম্মেলন শেষে ট্রাম্প তার পেছনে দাঁড়ানো কেটির অভিষেক মূল্যায়ন করে বলেন, ‘আমার মনে হয় সে চমৎকার করেছে। সে খুব ভালো করেছে।’

কেটির স্বামী টাইলার জাকারিয়া বিনোদন জগতে চলচ্চিত্র প্রযোজক এবং ২৫২১ এন্টারটেইনমেন্টের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্রিফিংয়ে কেটি জানান, ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত সন্তানদের সময় দিতে তিনি কর্মজীবন থেকে দূরে ছিলেন। পরে তিনি কাজে ফিরে আসেন। দায়িত্ব নেয়ার প্রক্রিয়ায় পরামর্শ ও সহায়তার জন্য তিনি তার পূর্বসূরি ক্যারোলিন লেভিটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কেটি জাকারিয়া পেপারডাইন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। হোয়াইট হাউসে প্রেস সেক্রেটারি হিসেবে যোগ দেয়ার আগে তিনি ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের যোগাযোগ উপদেষ্টা ছিলেন। এছাড়া যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের জনযোগাযোগ বিভাগে এবং ফক্স নিউজ ও নিউজম্যাক্সে বিশ্লেষক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

এএম