আজ (মঙ্গলবার, ১৪ অক্টোবর) সোশ্যালিস্ট স্টুডেন্ট ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে দেয়া এক ভিডিও বার্তায় নেহা বোরা বাংলাদেশের ছাত্র সংগঠনের প্রতি সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমরা তোমাদের প্রতি সংহতি জানাচ্ছি। তোমাদের নেতৃত্বে পরিচালিত আন্দোলনগুলো থেকে আমরা অনুপ্রেরণা ও শিক্ষা নিচ্ছি।’
ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ‘সোশ্যালিস্ট স্টুডেন্ট ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলনে বিপ্লবী শুভেচ্ছা। আমরা তোমাদের লাল সেলাম জানাই। আমরা জানি, এই দেশে সর্বত্র যে জেন-জি আন্দোলন আমরা দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। তোমরা আমাদের পথ দেখিয়েছ—এর জন্য অভিনন্দন।’
নেহা বোরা বলেন, ‘ভারতের তরুণরাও গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছে। তিনি দুই প্রতিবেশী দেশের ছাত্রদের সংগ্রামের মধ্যে সাদৃশ্য তুলে ধরে আশা প্রকাশ করেন যে বাংলাদেশ ও ভারতের ছাত্র-কর্মীরা একসঙ্গে কাজ করে দক্ষিণ এশিয়া ও বিশ্বকে আরও ভালো করে গড়ে তুলবে।’
নেহা বোরা নিজেও ভারতে চলমান ছাত্র আন্দোলনের একজন সক্রিয় মুখ। গত ২ থেকে ১১ অক্টোবরের মধ্যে একাধিকবার দিল্লি পুলিশের হাতে আটক হন তিনি। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেস কুমারের পদত্যাগের দাবিতে ছাত্রদের নেতৃত্বাধীন বিক্ষোভে অংশ নেয়ার সময় তাকে বারবার আটক করা হয়।
প্রথমবার ২ অক্টোবর যন্তর মন্তরের কাছে এবং ৪ অক্টোবর একটি মিছিলে অংশ নেয়ার সময় তাকে আটক করে পুলিশ। সর্বশেষ ১০ অক্টোবর সাফদারজং বিমানবন্দর ফ্লাইওভারের কাছে তাকে আটক করে ময়দান গড়ি থানায় রাখা হয়। পরদিন ১১ অক্টোবর নারেলা শিল্পাঞ্চল থানায় আবার সংক্ষিপ্ত সময়ের জন্য আটক থাকার পর প্রতিবারই সন্ধ্যায় তাকে মুক্তি দেয়া হয়।





