পাঁচ দিনের মাথায় বিদায়, কেটি জাকারিয়ার উত্তরসূরি খুঁজছে ট্রাম্প প্রশাসন

কেটি জাকারিয়া
বিদেশে এখন
0

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বা মুখপাত্র হিসেবে মাত্র পাঁচ দিন দায়িত্ব পালনের পর কেটি জাকারিয়াকে সরিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আকস্মিক বিদায়ের পর এই পদে নতুন কাউকে বসাতে ট্রাম্প প্রশাসন এখনই কোনো তাড়াহুড়ো করছে না। তবে পরবর্তী মুখপাত্র কে হতে পারেন, তা নিয়ে ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে বেশ কয়েকজন পরিচিত মুখের নাম আলোচনায় উঠে এসেছে।

আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে নতুন মুখপাত্র নিয়োগের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসার সম্ভাবনা কম। এ বিষয়ে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চ্যং জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দল বর্তমানে মধ্যবর্তী নির্বাচনের দিকেই পুরো মনোযোগ দিচ্ছেন।

হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং রুমে প্রথম উপস্থিতিতেই আত্মবিশ্বাসহীনতা এবং নিজেকে আইনজীবী হিসেবে ভুলভাবে উপস্থাপন করার বিতর্কের জেরে জাকারিয়াকে পদ থেকে সরিয়ে দেন ট্রাম্প। টেলিভিশন পর্দায় সাবলীল ও স্পষ্টভাষী ব্যক্তিদের সাধারণত গুরুত্বপূর্ণ পদে পছন্দ করেন ট্রাম্প। এর আগে ক্যারোলিন লেভিট এই পদে দায়িত্ব পালন করেছিলেন।

জাকারিয়ার স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে বেশ কয়েকজনের নাম গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে

স্কট জেনিংস

সিএনএনের জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক ও রক্ষণশীল কলামিস্ট স্কট জেনিংসের নাম সবচেয়ে জোরালোভাবে আলোচনায় রয়েছে। তিনি বিভিন্ন টেলিভিশন বিতর্কে রিপাবলিকানদের পক্ষে জোরালো অবস্থানের জন্য পরিচিত এবং ট্রাম্পের ওপর প্রশংসাসূচক একটি বইও লিখেছেন।

ড্যানিয়েল আলভারেজ

হোয়াইট হাউসের যোগাযোগ কর্মকর্তা ড্যানিয়েল আলভারেজকে সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প যখন মেরিন ওয়ান বিমানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখন তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তিনি ২০২৪ সালে ট্রাম্পের নির্বাচনি প্রচারে জ্যেষ্ঠ উপদেষ্টা ছিলেন।

মারিয়া বার্টিরোমো

টেলিভিশন সঞ্চালক মারিয়া বার্টিরোমো ছিলেন ট্রাম্পের অন্যতম পছন্দের গণমাধ্যম ব্যক্তিত্ব। ক্যারোলিন লেভিটের বিদায়ের পর শুরুতে তাকে এই পদের প্রস্তাব দেয়া হলেও তিনি রাজি হননি বলে খবর প্রকাশ করেছিল সংবাদমাধ্যম অ্যাক্সিওস। ফক্স নিউজ মিডিয়ার সঙ্গে তার চুক্তির কারণে আইনি জটিলতাও হতে পারে।

আন্না কেলি

বর্তমানে হোয়াইট হাউসের প্রধান উপ-প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন আন্না কেলি। তিনি বিশেষ করে ইরান যুদ্ধ ও পররাষ্ট্রনীতির বিষয়ে নিয়মিত টেলিভিশনে সরকারের বক্তব্য তুলে ধরছেন। অনলাইন বাজি প্ল্যাটফর্ম পলিমার্কেটেও তিনি ফেভারিট হিসেবে এগিয়ে রয়েছেন।

অন্যান্য সম্ভাব্য নাম

এছাড়া সম্ভাব্য তালিকায় আলোচনায় রয়েছেন স্টেট ডিপার্টমেন্টের প্রধান প্রটোকল কর্মকর্তা মনিকা ক্রোলি, রিপাবলিকান ন্যাশনাল কমিটির সাবেক মুখপাত্র এলিজাবেথ পিপকো, ট্রাম্পের বিশেষ সহকারী মারগো মার্টিন, ট্রাম্পের সাবেক ডেপুটি চিফ অব স্টাফ টেলর বুডোউইচ, ইলন মাস্কের সরকারি দক্ষতা দপ্তরের সাবেক সহকারী কেটি মিলার এবং কেনেডি সেন্টারের জনসংযোগ কর্মকর্তা রোমা দারাবি।

—ইউএস টুডের প্রতিবেদনে অবলম্বনে

এএম