মর্যাদার সঙ্গে শান্তির পথে এগোবে, তবে অধিকার থেকে পিছু হটবে না ইরান। এছাড়া আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। সর্বশেষ এমন বার্তা দিয়েই যুদ্ধ অবসান ও সংশ্লিষ্ট সংকট নিরসনে নিজ অবস্থানের কথা জানিয়েছে ইরান।
জাতিসংঘের মানবাধিকার সংস্থার বিরুদ্ধে ইরানে মার্কিন-ইসরাইলি হামলা ধামাচাপা দেয়ার অভিযোগ তুলেছেন ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জাতিসংঘের ইরান বিষয়ক মানবাধিকার সংস্থাকে আগ্রাসক ও একতরফা জবরদস্তিকারী আখ্যা দিয়েছেন।
এছাড়া, ইরানের সংসদের স্পিকার আরও জানান, ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় অগ্রগতি তেহরানের সাতটি শর্ত পূরণের ওপর নির্ভর করছে। যা মধ্যস্থতাকারীদের কাছে বারবার জানানো হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কাছ থেকে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাইকে উদ্দেশ্য করে লেখা একটি চিঠি পেয়েছে ইরান। তবে এখনো কোনো জবাব দেয়নি তেহরান, জানিয়েছে, তাসনিম সংবাদ সংস্থা।
আরেকদিকে আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালির অনুঅনুমোদিত পথ দিয়ে বের হওয়ার চেষ্টার সময় তিনটি ট্যাংকার সমুদ্রমাইনের আঘাতে বিস্ফোরিত হয়েছে। এছাড়াও হরমুজে নিজদের নতুন অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ১৪তম মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত ও মাইন বিস্ফোরণে তিনটি ট্যাংকারে অগ্নিকাণ্ডের খবর দিয়েছে আইআরজিসি।
এই যখন অবস্থা তখন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ইরান সংঘাতকে 'চিরস্থায়ী যুদ্ধে' পরিণত হতে দেবেন না। টেক্সাসের ফোর্ট ওয়ার্থে একজন রিপাবলিকান ভোটারের প্রশ্নের জবাবে এ কথা বলেন ভ্যান্স। তিনি আরও বলেন, ‘আমরা সাত মাস ধরে কোনো না কোনোভাবে ইরানের সঙ্গে আছি। যুক্তরাষ্ট্র ৪৭ বছর ধরে ইরানের সঙ্গে কাজ করে আসছে। আমি আপনাদের কথা দিচ্ছি,ডোনাল্ড ট্রাম্প ইরানকে একটি চিরস্থায়ী যুদ্ধে পরিণত হতে দেবেন না।’
ইরান যুদ্ধের কারণে অস্ত্রের মজুদ কমে যাওয়া স্বত্তেও সামরিক বাজেট কমানোর পরিকল্পনা করছে পেন্টাগন । জানিইয়েছে, মার্কিন সংবাদ সংস্থা পলিটিকো। পেন্টাগনের প্রস্তাবিত ব্যয় কমানোর পরিকল্পনার পেছনে রাজনৈতিক অচলাবস্থা, কংগ্রেসের তীব্র আপত্তি এবং ক্রমবর্ধমান জাতীয় ঋণের চাপসহ কিছু কারণ রয়েছে- বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
পলিটিকোর তথ্যমতে, ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের রেকর্ড সামরিক বাজেট বা এর বড় কোনো পরিকল্পনা পাস করার মতো পর্যাপ্ত ভোট বা সমর্থন সিনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভসের রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় পক্ষের আইনপ্রণেতাদের মধ্যে নেই। রিপাবলিকানদের মধ্যেও প্রতিরক্ষা বাজেট নিয়ে অভ্যন্তরীণ কোন্দল দেখা দিয়েছে।
এদিকে, জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ ও সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হুথিদের নতুন হামলার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানী তেলের দাম ১১৫ ডলার ছাড়িয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ৮৬ সেন্ট বা ০ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১১৫ দশমিক ৭৪ ডলারে দাঁড়িয়েছে। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ০ দশমিক ৭১ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৭২ ডলারে পৌঁছেছে।





