যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আর বাকি মাত্র দুই দিন। শেষ মুহূর্তে রিপাবলিকান ঘাঁটিগুলোতে সফর করেই নির্বাচনী সফর শেষ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবারের সফর অন্যান্য সময়ের তুলনায় একেবারেই ভিন্ন। গেল অক্টোবর মাসে প্রায় ২০টি সমাবেশেই নিজের গুণগান গেয়েছেন ট্রাম্প। ভোটারদের প্রত্যাশা বা জনমত জরিপ পাত্তাই দিচ্ছেন না তিনি। চলমান যুদ্ধ ও জীবনযাত্রার ব্যয়ের ইস্যুগুলোকেও এড়িয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প।
আইওয়া ও কানসাসে প্রচারণা সমাবেশ বাতিলের পেছনে ট্রাম্প যুক্তি দেখিয়েছিলেন এসব অঙ্গরাজ্যে রিপাবলিকানরা প্রার্থীরা বেশ জনপ্রিয়। তাই সেখানে তার উপস্থিতি প্রয়োজন নেই। তবে ২৪ ঘণ্টা না যেতে সিদ্ধান্ত পাল্টালেন ট্রাম্প। এবার যোগ দিচ্ছেন কানসাস ও আইওয়ার র্যালিতে।
এদিকে, কানসাসে বাড়ি বাড়ি গিয়ে ভোটাদের সমর্থন চাইছেন ডেমোক্র্যাট দলের সিনেট প্রার্থী অ্যাডাম হ্যামিল্টন। কানসাসের রিপাবলিকান পার্টির কয়েক দশকের আধিপত্য ভাঙতে চান তিনি। তার দাবি, ট্রাম্প প্রশাসনের রাজনীতিতে হতাশ ভোটাররা।
চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আইওয়া অঙ্গরাজ্যে শেষ মুহূর্তে মাঠে নেমেছেন ডেমোক্র্যাট প্রার্থী জশ টুরেক। হ্যালোইন সাজেই উপস্থিত হন ভোটারদের কাছে। প্যারালিম্পিকে দুইবারের স্বর্ণপদক বিজয়ী টুরেকের নির্বাচনী তহবিল সংগ্রহের পরিমাণও রিপাবলিকান প্রার্থী থেকে বেশি।
এদিকে, ৩০ বছরের বেশি সময় টেক্সাস অঙ্গরাজ্যে আধিপত্য বিস্তার করে আসছে রিপাবলিকান পার্টি। এবার এই অঙ্গরাজ্যের সিনেট ও গভর্নর পদে ক্ষমতার পালাবদল করতে চান ডেমোক্র্যাটরা। বাসিন্দারা বলছেন, দুর্নীতিগ্রস্ত রিপাবলিকানদের তাড়ানোর সময় এখন।
মিশিগানের ডেমোক্র্যাট সিনেট প্রার্থী আব্দুল এল-সাইদকে জিহাদি বলে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মুসলিম পরিচয় নিয়ে চলমান আক্রমণকে কুৎসিত বিভাজন বলে নিন্দা জানিয়েছেন এল-সাইদ। নির্বাচনে কৃষ্ণাঙ্গ ভোটারদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে প্রচারণা চালান তিনি।
মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে মার্কিন ভোটারদের নজর জীবনযাত্রার ব্যয় কমানোসহ, দেশের অর্থনীতি, মানবাধিকার, ধর্মীয় ও রাজনৈতিক বিভাজন দূর করা। সাম্প্রতিক জরিপে, আইওয়া, কানসাস, ওহাই, টেক্সাসসহ বেশ কয়েকটি রিপাবলিকান ঘাঁটিতে এবার প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে ডেমোক্র্যাটরা।





