সঙ্গীহীনদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ; মিলবে ডিনার ডেটের অভিজ্ঞতা

সঙ্গীহীনদের জন্য ফিনল্যান্ডে ব্লাইন্ড ডেট ও বিনামূল্যে ভ্রমণের সুযোগ
বিদেশে এখন
0

বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে পরিচিত ফিনল্যান্ড বিশ্বজুড়ে সঙ্গীহীন (সিঙ্গেল) মানুষদের জন্য বিনা খরচে ভ্রমণের এক বিশেষ সুযোগ নিয়ে এসেছে। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে সম্পূর্ণ সরকারি খরচে আয়োজিত এই সফরে ঐতিহ্যবাহী খাবার উপভোগের পাশাপাশি রোমান্টিক সঙ্গী খোঁজার বা ব্লাইন্ড ডেটিংয়ের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।

দেশটির পর্যটন বোর্ড ভিজিট ফিনল্যান্ড এই প্রচারাভিযান শুরু করেছে, যার নাম দেয়া হয়েছে ফিনিশ ডিনার ডেট। আন্তর্জাতিক পর্যটকদের কাছে ফিনল্যান্ডের খাদ্যসংস্কৃতি তুলে ধরা এবং সম্ভাব্য জীবনসঙ্গীর সঙ্গে পরিচয়ের সুযোগ করে দেয়াই এই উদ্যোগের লক্ষ্য।

মার্কিন সাময়িকী ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, এই কর্মসূচির আওতায় বিশ্বজুড়ে ১৬ জন প্রাপ্তবয়স্ক সঙ্গীহীন ব্যক্তিকে বেছে নেয়া হবে। ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তারা ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ পাবেন। সফরকালে অংশগ্রহণকারীরা দেশটির ঐতিহ্যবাহী খাবার ও আঞ্চলিক সুস্বাদু পদ চেখে দেখার পাশাপাশি হেলসিংকি এবং লেকল্যান্ড অঞ্চলের তামপেরে শহরে স্থানীয় সঙ্গীহীন তরুণ-তরুণীদের সঙ্গে বিশেষ নৈশভোজে (গ্রুপ ডিনার ডেট) অংশ নেবেন।

এই নৈশভোজের তালিকায় থাকবে ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী উপাদান ও খাবার। এর মধ্যে থাকবে প্রাকৃতিক জলাশয়ের মাছ, বেরি এবং বন থেকে সংগ্রহ করা মাশরুম। দেশটির শীর্ষ বাবুর্চিরা এসব খাবার তৈরি করবেন, যার মাধ্যমে ফিনল্যান্ডের রন্ধনশৈলীর সঙ্গে প্রকৃতি ও মৌসুমি উৎপাদনের যোগসূত্র তুলে ধরা হবে।

বিজনেস ফিনল্যান্ডের আন্তর্জাতিক বিপণন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হেলি জিমেনেজ এক বিবৃতিতে বলেন, ‘ফিনল্যান্ডের খাবার আমাদের সুখী জীবনযাত্রারই সরাসরি বহিঃপ্রকাশ। এটি স্থান, ঋতু এবং চারপাশের মানুষের সঙ্গে যুক্ত হওয়ার একটি মাধ্যম।’ তিনি আরও বলেন, ‘খাবার ফিনল্যান্ডের মানুষকে একত্র করে। এখন আমরা একেবারে ভিন্ন এক উপায়ে পর্যটকদের আমাদের সঙ্গে যোগ দেয়ার আমন্ত্রণ জানাচ্ছি।’

ফিনল্যান্ডের সুপারমার্কেটগুলোতে চালু থাকা সিনকুকোরি নামের একটি ডেটিং প্রবণতা থেকে এই প্রচারাভিযানের ধারণা নেয়া হয়েছে। ওই প্রথায় সুপারমার্কেটে কেনাকাটার সময় কেউ গোলাপি রঙের ঝুড়ি নিলে বোঝা যায় যে তিনি সঙ্গীহীন এবং অন্য কারও সঙ্গে কথা বলতে বা সম্পর্কে জড়াতে আগ্রহী।

ইউরোপ ও বিশ্বের অন্যান্য দেশের খাবারের তুলনায় ফিনল্যান্ডের খাবার নিয়ে আলোচনা তুলনামূলক কম হয় বলে মনে করে দেশটির পর্যটন বোর্ড। তাই বিদেশি পর্যটকদের কাছে নিজেদের রন্ধনশৈলী পরিচিত করানোও তাদের উদ্দেশ্য। জিমেনেজ বলেন, ‘সনা বা বাষ্পস্নানের খাবার থেকে শুরু করে বুনো খাবার সংগ্রহের ঐতিহ্য—ফিনল্যান্ডের রন্ধনশৈলী এমন এক গল্প বলে, যা আর কোথাও নেই। আমরা চাই পর্যটকেরা সেই গল্পের পুরো স্বাদ নিন।’

আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, এই নৈশভোজগুলো হবে ঘরোয়া ও দলগত আয়োজন। সেখানে অংশগ্রহণকারীরা একসঙ্গে বসে খাওয়াদাওয়া ও গল্পগুজব করবেন।

ফিনল্যান্ডের বাসিন্দা নন এমন ১৮ বছর বা তার বেশি বয়সী যেকোনো সঙ্গীহীন ব্যক্তি এককভাবে এতে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য ইংরেজিতে একটি সংক্ষিপ্ত ভিডিও রেকর্ড করতে হবে। ভিডিওতে জানাতে হবে, ডিনার ডেটে আপনি কী খাবার পরিবেশন করবেন এবং কেন। এরপর ভিডিওটি ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবের মতো সামাজিক যোগাযোগমাধ্যমের পাবলিক অ্যাকাউন্টে পোস্ট করতে হবে। পোস্টে ইংরেজিতে ফিনিশডিনারডেট হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এবং ভিজিট ফিনল্যান্ডকে ট্যাগ করতে হবে।

আবেদনের শেষ সময় আগামী ১০ নভেম্বর ফিনল্যান্ডের স্থানীয় সময় বেলা ১১টা ৫৯ মিনিট। আগামী ১ ডিসেম্বর ভিজিট ফিনল্যান্ডের ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্টের মাধ্যমে নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে। নির্বাচিতদের বিমানভাড়া, থাকা-খাওয়া এবং ভ্রমণের সব খরচ বহন করবে দেশটির পর্যটন বোর্ড।

—ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে অবলম্বনে

এএম