বার্লিনে আজ মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে স্বাগত জানিয়ে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জার্মান চ্যান্সেলর। সেখানে মের্ৎস বলেন, ‘কৃষ্ণসাগরে হামলার মাধ্যমে রাশিয়া সংঘাত আরও বাড়িয়ে তোলার ঝুঁকি তৈরি করছে। এর মাধ্যমে রাশিয়া একটি বৈশ্বিক খাদ্যসংকট ডেকে আনছে, যার ফলে বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলো চরম ক্ষতির মুখে পড়বে।’
শীতের আগে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো সুরক্ষায় বার্লিন কিয়েভের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন মের্ৎস। তিনি জানান, যুদ্ধের প্রভাব আন্তর্জাতিক খাদ্য সরবরাহ শৃঙ্খলের ওপর পড়ছে এবং কৃষ্ণসাগরের বাণিজ্যিক নৌপথে নিয়মিত হামলার কারণে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোতে খাদ্যনিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।





