এ বছর ডেমোক্র্যাটদের হাউজ জিততে ৩টি এবং সিনেট জিততে ৪টি আসন দরকার। তবে এই জয়-পরাজয়ই এ দু’কক্ষের শেষ কথা নয়। এখানে একাধিক পরিস্থিতির সাপেক্ষে রয়েছে কিছু ভিন্ন প্রেক্ষাপট। সেক্ষেত্রে প্রশ্ন থাকে, কোন দলের হাউস বা সিনেটে হেরে যাওয়ার অর্থ কী? আসন হারানো আর হাউজের নিয়ন্ত্রণ হারানো কি এক জিনিস?
বর্তমানে হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের ২১৪টি আসন রয়েছে। পাশাপাশি ১ জন স্বতন্ত্র সদস্য রয়েছেন এবং ২টি আসন শূন্য। সিনেটে ডেমোক্র্যাটদের ৪৫ জন সিনেটর এবং ২ জন স্বতন্ত্র সিনেটর রয়েছেন যারা ডেমোক্র্যাটদের সঙ্গে জোটভুক্ত বা ককাস করেন। অন্যদিকে, রিপাবলিকানদের রয়েছে ৫৩ আসন।
মধ্যবর্তী নির্বাচনে কোনো প্রার্থীর হেরে যাওয়ার অর্থ, তিনি পরবর্তী মেয়াদের জন্য আইনসভার সদস্য হওয়ার যোগ্যতা ও ক্ষমতা হারান। তবে প্রার্থীটি আগে থেকেই ওই পদে বহাল ছিলেন নাকি নতুন প্রতিদ্বন্দ্বী ছিলেন, তার ওপর ভিত্তি করে প্রেক্ষাপট কিছুটা ভিন্ন হয়।
বর্তমান সদস্য হেরে গেলে-তিনি চলতি মেয়াদ শেষে আর দায়িত্বে থাকবেন না। তার হাউজ বা সিনেটের গুরুত্বপূর্ণ কমিটি ও উপ-কমিটির পদ চলে যাবে। নিজ নির্বাচনী কার্যক্রম বন্ধ হয়ে যায়। নতুন প্রার্থী হেরে গেলে-তিনি আইনসভায় প্রবেশ, আইন প্রণয়ন বা ভোট দেয়ার সুযোগ হারান। বড় দলের অনেক প্রার্থী একসঙ্গে হেরে গেলে দলটি দু'কক্ষের সংখ্যাগরিষ্ঠতা হারায়। হাউজের স্পিকার, সিনেটের মেজরিটি লিডারের মতো গুরুত্বপূর্ণ পদগুলো প্রতিপক্ষ দলের কাছে চলে যায়।
প্রতিনিধি পরিষদে আসন হারানো আর হাউজের নিয়ন্ত্রণ হারানো এক জিনিস নয়। এই দুটির মধ্যে সূক্ষ্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তফাত রয়েছে।
আসন হারানোর অর্থ, একটি দল আগের নির্বাচনের তুলনায় কম আসনে জয় পেয়েছে। আর নিয়ন্ত্রণ হারানোর মানে হলো, কোনো দল হাউজে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। মার্কিন হাউজে নিয়ন্ত্রণ বা মেজরিটি ধরে রাখতে যেকোনো দলকে অন্তত ২১৮ আসনে জয়ী হতে হয়।
এবার আসা যাক ভাইস প্রেসিডেন্টের টাই-ব্রেকিং ভোট প্রসঙ্গে। এ নির্বাচনে যদি সিনেটে দুই দল সমান আসন পায় তাহলেও কক্ষটি রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকবে। কারণ রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স টাই-ব্রেকিং ভোট দিতে পারেন।
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট সিনেটের প্রিজাইটিং অফিসার বা সভাপতি। সিনেটে যখন কোনো বিল, প্রস্তাব বা নিয়োগের ভোটাভুটিতে পক্ষে-বিপক্ষে সমান ভোট পড়লে তিনি টাই-ব্রেকিং ভোট দিতে পারেন।
এ বিশেষ ক্ষমতা বলে ভোটের সমতা ভেঙে চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিনি। তবে টাই বা সমতা ছাড়া তার ভোট দেয়ার অধিকার নেই। টাই-ব্রেকিং ভোট ক্ষমতাসীন দলের জন্য একটি সুবিধা। সাধারণত নিজ দলের পক্ষেই ভোট দেন ভাইস প্রেসিডেন্ট।





