যুক্তরাষ্ট্র ও চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে রয়েছে টেক জায়ান্ট প্রতিষ্ঠান এনভিডিয়া। বিশ্বের অন্যতম অত্যাধুনিক এআই চিপ তৈরিতে সুনাম রয়েছে প্রতিষ্ঠানটির। তবে বাণিজ্য নিষেধাজ্ঞায় চীনের লাভজনক বাজার থেকে কার্যত বিচ্ছিন্ন এনভিডিয়া। এমনকি ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতার পরও চীনের কাছে চিপ বিক্রির জন্য অনুমতি আদায় করতে পারেননি জেনসেন হুয়াং।
সম্প্রতি নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়, এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে চীনের গোয়েন্দা সংস্থাকে তথ্য সরবরাহ করছিলেন চীনা নারী অ্যালিস হুয়াং। মার্কিন গোয়েন্দাদের মতে, ওই নারী মূলত চীনের হয়ে গুপ্তচরবৃত্তির কাজ করছিলেন। এরপর থেকেই গোয়েন্দারা নজরদারি শুরু করে তার ওপর।
জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এছাড়া, প্রযুক্তি খাত ও এনভিডিয়ার গোপন তথ্য বেইজিংয়ের কাছে চলে যাওয়ার শঙ্কাও দেখা দেয়। এমন অবস্থায় জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে একটি আলাদা তদন্ত শুরু করেছে প্রতিষ্ঠানটি। খতিয়ে দেখা হচ্ছে তিনি কোনো বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছিলেন কি না।
এনভিডিয়ার পরিচালনা পর্ষদ বলছে, তথ্য পাচার বা নিরাপত্তা হুমকির কোনো সম্ভাবনা নেই। আর যুক্তরাষ্ট্রের জন্য জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ জেনসেন হুয়াং। এদিকে, চীন বলছে গুপ্তচরবৃত্তির এসব অভিযোগে কোনো ভিত্তি নেই। এগুলো মার্কিন গণমাধ্যমে অপপ্রচার।
আরও পড়ুন:
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে, প্রযুক্তিবিদ জেনসেন হুয়াং খুব ভালো মানুষ। মার্কিন প্রযুক্তি খাতে বিশাল অবদান রয়েছে এনভিডিয়ার।
এদিকে, কর্মীদের উদ্দেশ্যে এক বার্তায় সিইও জেনসেন হুয়াং স্বীকার করেছেন যে, তিনি তার স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলেন না। এই কর্মকাণ্ডের পুরো দায়ভার তিনি নিজের কাঁধে নিয়েছেন। জীবনীগ্রন্থ থিংকিং মেশিনে ফ্যামিলি ম্যান হিসেবে নিজের ভাবমূর্তি দাঁড় করানোর আপ্রাণ চেষ্টা করেছেন জেনসেন। স্ত্রীর ভূয়সী প্রশংসার পাশাপাশি দুই সন্তানকে এনভিডিয়াতেই যুক্ত করেছেন।
আশির দশকে ওরেগন স্টেট ইউনিভার্সিটির ল্যাবে একসঙ্গে কাজ করার সময় লোরি মিলসের সঙ্গে পরিচয় হয় জেনসেন হুয়াংয়ের। ১৯৮৫ সালে তারা বিয়ে করেন। ২০০৭ সালে এই দম্পতি গড়ে তোলেন জেন-সুন অ্যান্ড লোরি হুয়াং ফাউন্ডেশন নামে একটি দাতব্য প্রতিষ্ঠান। যার বর্তমান সম্পদ নয়শো কোটি ডলারেরও বেশি।





