একসময় যে আফিম ক্ষেত ছিল আফগান কৃষকদের জীবিকার প্রধান অবলম্বন, তালেবানের নিষেধাজ্ঞায় সেই ক্ষেতেই এখন কড়াকড়ি। ২০২২ সালে ক্ষমতায় ফিরে আফিম উৎপাদন ও বেচাকেনার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে তালেবান সরকার। এতে দ্রুত কমে আসে আফিমের চাষ।
তবে বিকল্প জীবিকার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সংকট আরও তীব্র হয়েছে গ্রামাঞ্চলে। আফিমের পরিবর্তে তুলা ও গম চাষে ঝুকছেন বহু অনেক কৃষক। কিন্তু খরা, পানির সংকট, উৎপাদন ব্যয় এবং ফসলের কম দামের কারণে ফসল থেকে মিলছে না প্রত্যাশিত আয়।
এক কৃষক বলেন, ‘যখন আফিম চাষ করতাম, তখন দিনে প্রায় ৫ থেকে ৬ হাজার আফগানি আয় হতো। কিন্তু এখন অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। সারা বছরে তুলা থেকে মাত্র ৩ হাজার ১৫০ আফগানি আয় হয়েছে।’
আয় কমে যাওয়ার প্রভাব পড়ছে পরিবারগুলোর খাদ্য নিরাপত্তায়। শিশুদের পুষ্টিকর খাবার খাওয়ানোর পরামর্শ চিকিৎসকদের। কিন্তু সেই খাবার কেনার সামর্থ্যও নেই পরবিারগুলোর। স্বাস্থ্যকর্মীরাও বলছেন, সচেতনতা থাকলেও দারিদ্র্য ও সেবার সীমিত সুযোগের কারণে শিশুদের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে পারছেন না অনেক পরিবার।
আরও পড়ুন:
জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে আফগানিস্তানে আফিম চাষের জমি বেড়েছে ৪৩ হাজার ৩০০ হেক্টর। আর আন্তর্জাতিক মহল বলছে, বিকল্প জীবিকার ব্যবস্থা করার পর নির্মূল অভিযান চালানো উচিত। যদিও আফগানিস্তানের ক্ষেত্রে তা করা হয়নি। বিকল্প জীবিকার ব্যবস্থা করার আগেই নির্মূল অভিযান চালানো হয়েছে।
এদিকে, নিষেধাজ্ঞা কার্যকরে অনড় অবস্থানে তালেবান সরকার। অভিযান টেকসই করতে কৃষকদের বিকল্প জীবিকার ব্যবস্থা এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পাচারবিরোধী আন্তর্জাতিক সহযোগিতার ওপরও জোর দিচ্ছে প্রশাসন।
তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেন, ‘মাদকদ্রব্যের বিরুদ্ধে লড়াই আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ অভিযানের ধারাবাহিকতা ও শক্তিশালীকরণ নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি কৃষকদের জন্য বিকল্প জীবিকার সহায়তা, মাদকাসক্তদের চিকিৎসা এবং পাচার চক্রের বিরুদ্ধে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে।’
ইউএনওডিসির তথ্য অনুযায়ী, চলতি বছর আফিম বিক্রি থেকে আফগানিস্তানের সম্ভাব্য আয় ৫০ কোটি ডলারেরও বেশি। কিন্তু তালেবান এই পরিসংখ্যানের বিরোধিতা করে বলেছে, প্রকৃত চাষের পরিমাণ জাতিসংঘের অনুমানের প্রায় অর্ধেক।
আফগান কৃষকদের সামনে এখন বড় প্রশ্ন— নিষিদ্ধ আফিম চাষ থেকে দূরে থেকে কীভাবে পরিবারকে বাঁচিয়ে রাখবেন তারা? বিকল্প জীবিকার নিশ্চয়তা ছাড়া শুধু নিষেধাজ্ঞা দিয়ে সেই সংকট কতটা মোকাবিলা করা সম্ভব, তা নিয়েই বাড়ছে উদ্বেগ।





