মার্কিন কারাগারে নিয়মিত কোরআন ও বাইবেল পড়ছেন মাদুরো

নিকোলাস মাদুরো
বিদেশে এখন
0

মার্কিন সামরিক অভিযানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে যুক্তরাষ্ট্রের জেলে বন্দি হওয়ার পর এক বছর কাটতে না কাটতেই ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর জীবনে এসেছে বড় ধরনের পরিবর্তন। মার্কিন যুক্তরাষ্ট্রের এক নম্বর শত্রু থেকে দেশটিকে তাদের একপ্রকার ‘সংরক্ষিত অঞ্চলে’ রূপান্তর করার পর ৬৩ বছর বয়সী মাদুরো এখন ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি দিন কাটাচ্ছেন।

কারাগারের চার দেয়ালের মধ্যে অবসর সময় কাটাতে গিয়ে ভেনেজুয়েলার সাবেক এই সমাজতান্ত্রিক নেতা এখন ধর্মীয় ও দার্শনিক বইপাঠে ডুবে রয়েছেন। মাদুরোর বর্তমান জীবন সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

গোপনীয়তার শর্তে সূত্রগুলোর বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, কারাবন্দি হওয়ার পর থেকে মাদুরো তার দিনের বেশির ভাগ সময় বিভিন্ন ধর্মীয় গ্রন্থ, বিশেষ করে বাইবেল ও পবিত্র কোরআন পড়ে কাটাচ্ছেন। এছাড়া তিনি নিয়মিত কারাগারের যাজক এবং একজন ইহুদি রাব্বির সঙ্গেও ধর্মীয় বিষয়ে আলোচনা করছেন।

রাজনৈতিক ক্যারিয়ারে ক্যাথলিক খ্রিষ্টান হিসেবে পরিচিত মাদুরো ভেনেজুয়েলার দ্রুত বর্ধনশীল ইভানজেলিক্যাল খ্রিষ্টানদের ভোট পেতে সব সময় সচেষ্ট ছিলেন। পাশাপাশি তিনি, তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস এবং উত্তরসূরি ডেলসি রদ্রিগেজ ভারতের প্রয়াত বিতর্কিত গুরু সত্য সাঁই বাবার অনুসারী ছিলেন।

তবে প্রকাশ্যে নিজেকে ইহুদি বংশোদ্ভূত (সেফার্ডিক জুইশ) দাবি করলেও কারাবন্দি হওয়ার আগে ইহুদি ধর্মের প্রতি কোনো বিশেষ আগ্রহ দেখাননি মাদুরো। মার্কিন জেলে যাওয়ার পরই রাব্বির সঙ্গে তার এই ধর্মীয় মেলবন্ধন শুরু হলো।

উল্লেখ্য, লাতিন আমেরিকার শীর্ষ নেতাদের মধ্যে ধর্মের প্রতি এমন ঝোঁক নতুন নয়। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই নিয়মিত তোরাহ (ইহুদি ধর্মগ্রন্থ) পাঠ করেন এবং মধ্যপ্রাচ্যের দেশ ইসরাইল সফর করেন।

নিউ ইয়র্কের ব্রুকলিনে অবস্থিত আনুমানিক ১ হাজার ৩০০ বন্দির এই মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারটি দীর্ঘদিন ধরে সহিংসতা ও চরম কর্মী সংকটে ভুগছে। অতীতে র‍্যাপার শন কম্বস (পি ডিডি), ক্রিপ্টো-কিং সাম ব্যাংকম্যান-ফ্রিড এবং লুইগি মাঙ্গিওনের মতো হাই-প্রোফাইল বন্দীরা এই কারাগারে ছিলেন।

তথ্য অনুযায়ী, কারাগারে আসার পর মাদুরো দ্রুত ওজন হারিয়েছেন। প্রেসিডেন্ট থাকাকালীন তিনি ‘প্যালিও ডায়েট’ (প্রস্তর যুগের খাবারের প্যাটার্ন) অনুসরণ করতেন। তবে কারাগারে নিম্নমানের খাবারের কারণে সাম্প্রতিক মাসগুলোতে তিনি অনেকটাই রোগা হয়ে গেছেন এবং খাবার নিয়ে অভিযোগ প্রকাশ করেছেন।

আরও পড়ুন:

মাদুরোর স্ত্রী, ভেনেজুয়েলার ৭০ বছর বয়সী সাবেক ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসের শারীরিক অবস্থা আরও বেশি সংকটাপন্ন।

আদালতের নথি অনুযায়ী, গ্রেপ্তারের সময় জরায়ু অস্ত্রোপচারের পর চিকিৎসা নিচ্ছিলেন ফ্লোরেস। সম্প্রতি বুকের ব্যথার কারণে তাকে নাইট্রোগ্লিসারিন দেয়া হয়েছে, এর মধ্যে তার দুটি দাঁত পড়ে গেছে এবং তার ওজন ২৫ পাউন্ডেরও বেশি কমে গেছে।

কারাগারে তিন মাস একাকী কারাবাস শেষে সাধারণ বন্দিদের কক্ষে স্থানান্তরের পর একটি মারামারি থামানোর জন্য নিক্ষিপ্ত টিয়ার গ্যাসের প্রভাবেও তিনি অসুস্থ হয়ে পড়েন। গত জুলাই মাসে তার মৃদু হার্টঅ্যাটাক হয়েছিল বলে ধারণা করছেন তার আইনজীবীরা।

শারীরিক অবস্থার অবনতি দেখিয়ে জামিনের আবেদন করা হলেও মার্কিন বিচারক অ্যালভিন কে হেলারস্টেইন তা নাকচ করে দেন। গত মাসে ৯২ বছর বয়সে বিচারক হেলারস্টেইন মৃত্যুবরণ করায় বর্তমানে বিচারক অ্যানালিসা টরেস মামলাটির দায়িত্ব নিয়েছেন।

চলতি বছরের ৩ জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে মার্কিন স্পেশাল ফোর্সের সৈন্যরা ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে রাতারাতি মাদুরোর প্রহরীদের পরাস্ত করে তাকে ও তার স্ত্রীকে ধরে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে।

যুক্তরাষ্ট্রে হাজার হাজার টন কোকেন পাচারের ষড়যন্ত্র এবং মারাত্মক দুর্নীতিসহ একাধিক অপরাধের অভিযোগে অভিযুক্ত হয়েছেন মাদুরো ও তার স্ত্রী। দুজনেই আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছেন। আগামী বছর তাদের মূল বিচারকাজ শুরু হওয়ার কথা রয়েছে।

ক্ষমতায় থাকার সময় ভেনেজুয়েলায় চরম খাদ্য সংকট তৈরি এবং ক্ষমতা টিকিয়ে রাখতে মার্কিন নাগরিকসহ বন্দিদের ওপর নির্যাতনের নির্দেশ দেয়ার অভিযোগ রয়েছে মাদুরোর বিরুদ্ধে। তার আইনি দল এ বিষয়ে সংবাদমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এসএইচ