জাতিসংঘের মানবাধিকার পর্যালোচনা বৈঠক বর্জন করলো যুক্তরাষ্ট্র

জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৪৭ সদস্যরাষ্ট্র
বিদেশে এখন
0

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে নিজেদের মানবাধিকার পরিস্থিতির ওপর জেনেভায় নির্ধারিত জাতিসংঘের পর্যালোচনা বৈঠক বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার জাতিসংঘ মানবাধিকার পরিষদের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউতে (ইউপিআর) দেশটির মানবাধিকার রেকর্ড পর্যালোচনা করার কথা ছিল। ওয়াশিংটনের এই পদক্ষেপে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে অধিকারবিষয়ক সংগঠনগুলো। তাদের মতে, দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জাতিসংঘের এই পরিষদে ‘ইসরাইলবিরোধী পক্ষপাত’ রয়েছে অভিযোগ তুলে গত বছর পরিষদ থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। এরপর এ নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো ওয়াশিংটন নিজেদের মানবাধিকার পর্যালোচনা এড়িয়ে গেল, যেখানে কঠোর কর্তৃত্ববাদী দেশগুলোও সাধারণত অংশ নিয়ে থাকে। মার্কিন প্রতিনিধি উপস্থিত না থাকায় এই পর্যালোচনা অধিবেশন আগামী জানুয়ারি পর্যন্ত পিছিয়ে যেতে পারে বলে কূটনীতিক ও জাতিসংঘের একটি খসড়া নথি থেকে জানা গেছে।

বৈঠকে অংশ না নেয়ার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানান, এই অধিবেশনে যোগ দেয়ার অর্থ হবে পরিষদের কার্যক্রমকে সমর্থন দেয়া। তিনি বলেন, ‘এই সংস্থাটি নিজেদের মূল্যবোধ বজায় রাখতে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে মানবাধিকার নিয়ে প্রহসন করছে এবং আমেরিকা-বিরোধী বয়ান প্রচার করছে।’

জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রকেই নিয়মিতভাবে এই পর্যালোচনার মুখোমুখি হতে হয়। নথিপত্র অনুযায়ী, মঙ্গলবারের বৈঠকে বিভিন্ন দেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে গর্ভপাত অধিকার এবং মৃত্যুদণ্ডের বিধান নিয়ে প্রশ্ন তোলার পরিকল্পনা ছিল। এছাড়া অভিবাসন থেকে শুরু করে বর্ণবৈষম্য পর্যন্ত বিভিন্ন বিষয়ে ওয়াশিংটনের ভূমিকা নিয়ে জাতিসংঘে প্রায় ২০০টি প্রতিবেদন জমা দিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের জামিল দাকওয়ার জেনেভায় সাংবাদিকদের বলেন, ‘কয়েক প্রজন্মের মধ্যে আমরা মৌলিক মানবাধিকার ও নাগরিক স্বাধীনতার ওপর এমন নজিরবিহীন আঘাত দেখিনি। এবার এগুলো বন্ধ হওয়া প্রয়োজন।’

এএম