কুয়েতে যৌথ সামরিক কমান্ডের সদর দপ্তর স্থাপনে একমত উপসাগরীয় দেশগুলো

বাহরাইনে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) যৌথ প্রতিরক্ষা কাউন্সিলের ২৩তম অধিবেশনে সদস্যদেশগুলোর প্রতিরক্ষামন্ত্রী ও প্রতিনিধিরা
বিদেশে এখন
0

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় দেশগুলোর অভিন্ন সামরিক কমান্ডের একটি উন্নত সদর দপ্তর কুয়েতে স্থাপনের অনুমোদন দিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। একই সঙ্গে সেখানে প্রয়োজনীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্তও নেয়া হয়েছে। বাহরাইনে অনুষ্ঠিত জিসিসির প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক শেষে মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা জানান জোটের মহাসচিব। খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাহরাইনে জিসিসির যৌথ প্রতিরক্ষা কাউন্সিলের ২৩তম অধিবেশনে কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী শেখ আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল-সালেম আল-সাবাহসহ সদস্যদেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীরা অংশ নেন। বৈঠকে সদস্যদেশগুলোর সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি, প্রতিরক্ষা সক্ষমতা জোরদার এবং যেকোনো আঞ্চলিক হুমকি মোকাবিলায় যৌথ প্রতিরক্ষা বলয় গড়ে তোলার বিষয়ে আলোচনা ও বেশ কিছু সুপারিশ অনুমোদন করা হয়।

এই সামরিক প্রস্তুতি এমন একসময়ে এল, যখন অঞ্চলজুড়ে সংঘাত ও আকাশপথে হামলার ঘটনা বাড়ছে। মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের ইরানঘনিষ্ঠ হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। সকালে বিকট বিস্ফোরণের শব্দে রিয়াদ কেঁপে ওঠে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়। এর পাশাপাশি দেশটির তেলসমৃদ্ধ পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রও ধ্বংস করার দাবি করেছে সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এর আগে রিয়াদের অর্থনৈতিক অঞ্চলে সৌদি আরামকোর ভবনে হুথিদের হামলার পর মঙ্গলবার তা পরিদর্শন করেন স্থানীয় ডেপুটি গভর্নর।

এদিকে কৌশলগত হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অননুমোদিত নৌপথে চলাচলের অভিযোগে মঙ্গলবার দুটি তেলের ট্যাংকারে বিস্ফোরণ ঘটিয়ে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌ শাখা। তবে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ও হিমায়িত অর্থ ছাড়সহ বিভিন্ন শর্ত পূরণ করা হলে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি উন্মুক্ত করতে তেহরান প্রস্তুত বলে পুনর্ব্যক্ত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

সংকট নিরসনে সামরিক প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক তৎপরতাও চলছে। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার প্যারিসে জি-৭ সম্মেলনের ফাঁকে ইউরোপীয় শক্তি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করেছেন মধ্যস্থতাকারী কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি। ট্রাম্প মন্তব্য করেছেন, সামরিক দিক থেকে ইরানের সক্ষমতা কার্যত শেষ এবং এই মুহূর্তে দেশটিতে নতুন করে হামলার কোনো প্রয়োজন নেই। তবে পরিস্থিতি বদলালে ওয়াশিংটন যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে বলেও সতর্ক করেন তিনি।

এএম