অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডার; স্পিকার বললেন ‘ওয়ালাইকুম সালাম না শুনেই শুরু করলেন’

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ
দেশে এখন
0

সংসদ অধিবেশনের কার্যক্রম শুরু হওয়ার আগেই পয়েন্ট অব অর্ডারে কথা বলতে দাঁড়িয়ে যাওয়া সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে থামিয়ে রসিকতা করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘মাত্র আপনাদের সালাম দিলাম। এর মধ্যেই তো আপনি একটা তুলে দিলেন। ওয়ালাইকুম সালাম শোনার আগেই তো আপনি একটা তুলে দিলেন।’

আজ (মঙ্গলবার, ১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকের শুরুতে এই ঘটনা ঘটে।

এর আগে, এক সংসদ সদস্য একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওর প্রসঙ্গ তুলে সংসদীয় স্থায়ী কমিটিকে হেয় করার অভিযোগ করেন। তিনি বলেন, ‘ভিডিওতে দাবি করা হয়েছে, সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ ছাড়া মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নেই। একই সঙ্গে কমিটির সুপারিশ মন্ত্রণালয় গ্রহণ করতেও পারে, নাও পারে বলে উল্লেখ করা হয়েছে।’ এই ধরনের বক্তব্যের মাধ্যমে সংসদীয় কমিটিকে হেয় করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ওই সংসদ সদস্য আরও অভিযোগ করেন, ভিডিওটি প্রকাশ করেছেন ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সাবেক একজন ক্যাডার ও হলুদ সাংবাদিক। ভিডিও প্রকাশের পেছনে গুরুত্বপূর্ণ কেউ জড়িত থাকতে পারেন বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি। বিষয়টি মন্ত্রণালয়ের সচিবকে জানিয়েছেন এবং স্পিকারকে ভিডিওটি দেখিয়ে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন বলে জানান।

আরও পড়ুন:

সংশ্লিষ্ট অনলাইন সংবাদমাধ্যমটির নিবন্ধন নেই বলেও অভিযোগ করেন ওই সংসদ সদস্য। আগে অন্য একজন এটি পরিচালনা করতেন উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে সংসদের ভেতরের কেউ এর সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

জবাবে স্পিকার বলেন, ‘সংসদে কোনো বিষয় উত্থাপনের নির্দিষ্ট সময় ও নিয়ম রয়েছে। পয়েন্ট অব অর্ডারে কথা বলতে হলে প্রথমে দাঁড়িয়ে কোন বিধিতে বিষয়টি উত্থাপন করা হচ্ছে, তা উল্লেখ করতে হবে। দিনের কার্যসূচির এক অংশ থেকে অন্য অংশে যাওয়ার মধ্যবর্তী সময়ে পয়েন্ট অব অর্ডার উত্থাপনের সুযোগ রয়েছে।’

স্পিকার বলেন, ‘এখনও তো শুরুই করলাম না। শুধু আপনাদের আসসালামু আলাইকুম দিলাম। এর মধ্যেই তো আপনি একটা তুলে দিলেন। ওয়ালাইকুম সালাম শোনার আগেই তো আপনি একটা তুলে দিলেন।’

তিনি আরও বলেন, ‘কিছুক্ষণ পর প্রশ্নোত্তর পর্ব শেষ হলে বিষয়টি উত্থাপন করা যেতে পারে। তখন সংসদের বিধি অনুযায়ী তা বিবেচনা করে দেখবেন।’

এসএস