বহু প্রতীক্ষিত সোনিয়া গান্ধীর রাজনৈতিক স্মৃতিকথা বিলংগিং-আ জার্নি অব লাভ বইটি অবশেষে প্রকাশিত হলো। যেখানে ইতালির এক ছোট শহর থেকে ভারতের ক্ষমতার সর্বোচ্চ শিখরে যাওয়ার অকপট বিবরণ রয়েছে। ব্যক্তিগতজীবন নিয়ে বরাবরই খুব রক্ষণশীল হলেও, আত্মজীবনীতে উত্থান-পতনের নানা ঘটনা জনসমক্ষে তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।
রাজনীতির মতো ভয়ংকর জগতে না জড়াতে স্বামী রাজীব গান্ধীকে অনুরোধ করেছিলেন সোনিয়া গান্ধী। আত্মজীবনীতে অকপটে তিনি বলেন, আসন্ন বিপদ সম্পর্কে আঁচ করার পরও সাহস নিয়ে এগিয়ে গিয়েছিলেন রাজীব গান্ধী।
তবে ছেলে রাহুল গান্ধীর ব্যাপারে কোনো আপত্তি তুলেননি তিনি। বাবার মূল্যবোধের সঙ্গে রাহুলের গভীর একাত্মতা ছিল বলেও জানান সোনিয়া গান্ধী। স্মৃতিকথায় তিনি বলেন, রাজনীতির প্রতি রাহুলের দীর্ঘদিনের আগ্রহ ছিল। এমনকি বিদেশে থাকা অবস্থায়ও ভারতের রাজনৈতিক ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেন রাহুল। এছাড়া, গ্রামীণ জীবনের কঠিন বাস্তবতা সম্পর্কে ধারণা দিতে সন্তানদের প্রায়ই তাদের নির্বাচনী এলাকা আমেথিতে নিয়ে যেতেন।
দাদি ইন্দিরা গান্ধী ও বাবা রাজীব গান্ধীর নৃশংস হত্যা রাহুল ও প্রিয়াঙ্কার মনে গভীর দাগ কেটেছিল। তাই তাদের মা সোনিয়া গান্ধী কখনো ভারতের প্রধানমন্ত্রী হন সেটি চাননি এই দুই সন্তান। দল ও শরিকেরা চাইলেও প্রধানমন্ত্রীর পদটি গ্রহণ করেননি তিনি। ২০০৪ সালের লোকসভা নির্বাচনের কয়েক মাস আগেই এ বিষয় নিয়ে ছেলেমেয়ের সঙ্গে খোলামেলা কথা বলেছিলেন সোনিয়া গান্ধী।
আরও পড়ুন:
তার প্রকাশিত আত্মজীবনীতে ভারতীয় রাজনীতির বেশ কয়েকটি উত্তাল অধ্যায়ের চিত্রও তুলে ধরা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধী ও ১৯৯১ সালে রাজীব গান্ধীর নৃশংস হত্যাকাণ্ড। এছাড়াও উঠে এসেছে গান্ধী পরিবার ও কংগ্রেসকে তাড়া করে বেড়ানো কিছু অন্ধকার অধ্যায়। যা মূলত ভারতের ছয় দশকের রাজনৈতিক রূপান্তরের এক জীবন্ত দলিল।
একটি অংশে সোনিয়া গান্ধী লিখেছেন, এক যুগ ধরে দেশ পরিচালনা করলেও মোদির সঙ্গে কার্যত কোনো যোগাযোগ হয়নি তার। এমনকি সৌজন্য আলাপটুকুও কোনোদিন হয়নি। বিলংগিং বইয়ে সোনিয়া গান্ধী অভিযোগ করেন, ভারতের গণতান্ত্রিক রীতিনীতির অবক্ষয় শুরু হয়েছে। ক্ষমতাসীনরা তার ছেলে রাহুল গান্ধীকে নিয়ে উপহাস করেন।
২০১০ সালে যখন মনমোহন সিং দ্বিতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হন তখন, সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এই পদে বসার ইঙ্গিত দিয়েছিলেন। যা সোনিয়া গান্ধীর জন্য ছিল একটি বড় ধাক্কা। হতাশ হলেও তা কোনোদিন কাউকে বুঝতে দেননি তিনি।
এছাড়া, আত্মজীবনীতে সোনিয়া গান্ধী বলেন, গান্ধী পরিবারের রাজনৈতিক ঐতিহ্যের প্রতি কর্তব্যবোধ থেকেই কংগ্রেসের নেতৃত্ব গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলেন।





