বিমানবন্দর পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এআই ২৭৭২ ফ্লাইটটি মুম্বাইয়ের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে উড্ডয়নের ঠিক আগে কেবিন ক্রু সদস্যরা বিমানের শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের সতর্কবার্তাটি দেখতে পান। ধারণা করা হচ্ছে, লিপস্টিক দিয়ে ওই বার্তাটি লেখা হয়েছিল। বিষয়টি নজরে আসার পরই নির্ধারিত প্রটোকল অনুযায়ী তাৎক্ষণিকভাবে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।
ঘটনার পরপরই বিমানটিকে মূল রানওয়ে থেকে সরিয়ে আইসোলেশন বেতে নেয়া হয় এবং সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। এরপর বোম্ব স্কোয়াড, সিআইএসএফ নিরাপত্তাকর্মী ও দমকল বাহিনীর সদস্যরা বিমানে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি শুরু করেন। যাত্রীদের প্রত্যেকের লাগেজ ও মালামাল নামিয়ে নতুন করে স্ক্যান করা হয়। তবে দুপুর দেড়টা পর্যন্ত তল্লাশি চালিয়ে উড়োজাহাজে কোনো ধরনের সন্দেহজনক বা বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি।
বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এয়ারবাস এ৩২০ মডেলের উড়োজাহাজটিতে ছিনতাইয়ের চিরকুট পাওয়ার পর প্রতিষ্ঠিত নিরাপত্তা বিধি অনুযায়ী সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। নিরাপত্তা প্রক্রিয়ার অংশ হিসেবে বিমানে ওঠার আগে ও পরে কারও সন্দেহজনক গতিবিধি নজরে এসেছিল কি না, তা নিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।





