জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা জলবায়ু ও অর্থনীতির জন্য ক্ষতিকর: গুতেরেস

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস
বিদেশে এখন
0

জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা জলবায়ু ও অর্থনীতির জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, জীবাশ্ম জ্বালানি জলবায়ু সংকট বাড়াচ্ছে। বৈশ্বিক বিদ্যুতায়নের লক্ষ্য অর্জনে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ তুরস্ক। এদিকে, জলবায়ু বিপর্যয়ের জন্য ক্ষমতায় থাকা ব্যক্তিদের দায়ী করেন সুইডিশ পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ। বুধ ও বৃহস্পতিবার সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে কয়েক ডজন বিশ্বনেতা তাদের বক্তব্য তুলে ধরবেন।

তুরস্কের ভূমধ্যসাগরীয় পর্যটন শহর আন্তালিয়ায় চলছে দুই সপ্তাহব্যাপী কপ থার্টি ওয়ান সম্মেলন। ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, নেপালে প্রাণঘাতী বন্যা, ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলের মতো একের পর এক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এখন কঠিন পর্যায়ে। জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার বিষয়টি এবারের সম্মেলনেও বেশ গুরুত্ব পাচ্ছে।

জীবাশ্ম নির্ভরশীলতা কমানোর আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেছেন, জীবাশ্ম জ্বালানি শুধু জলবায়ু সংকটই বাড়াচ্ছে না। এর প্রভাবে অর্থনীতি ও নিরাপত্তাজনিত সংকটও ঘনিভূত হচ্ছে। যার বাস্তব উদারহণ মধ্যপ্রাচ্যের সংঘাত।

বৈশ্বিক জ্বালানির ক্ষেত্রে বিদ্যুতের ব্যবহার বাড়াতে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর চাপ তৈরি করছে সম্মেলনের আয়োজক দেশ তুরস্ক। তবে বৈশ্বিক অর্থনীতির ৩৫ শতাংশকে বিদ্যুতায়নের অঙ্গীকারপত্রে বিদ্যুতের উৎস নবায়নযোগ্য না জীবাশ্ম হবে তা নির্দিষ্ট করা নেই।

এদিকে, ২০২১ সালের পর প্রথমবার কপ সম্মেলনে যোগ দিয়ে সুইডিশ পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ বলেন, এই আলোচনার প্রভাব অগণিত মানুষের জীবন বা মৃত্যুর কারণ হতে পারে। জলবায়ু বিপর্যয়ে ক্ষমতাধর ব্যক্তিদের দায়ী করেন তিনি।

এবারের সম্মেলনে বিশ্বের প্রভাবশালী নেতাদের অনুপস্থিত থাকলেও উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য দেবেন কয়েকটি দেশের নেতা। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নামসহ ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরজুলা ফন ডার লায়েন। আর ইরানের পরিবেশগত ক্ষতিসাধনের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, চলমান কপ সম্মেলনে এই বিষয়টি তুলে ধরা হবে।

গত ৯ নভেম্বর শুরু হওয়া কপ থার্টি ওয়ান সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। জলবায়ু কার্যক্রম ও অর্থায়ন নিয়ে আলোচনা করতে সম্মেলনে অংশ নিয়েছেন প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা। যার মূল লক্ষ্য বিশ্ব উষ্ণায়ন রোধে দ্রুত পদক্ষেপ নেয়া।

জেআর