লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, দেশটির শীর্ষ সরকারি কৌঁসুলি জজ আহমেদ রামি আল-হজ অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর তদন্ত কার্যক্রম ব্যক্তিগতভাবে তদারকি করছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে একটি বিচারিক সূত্র জানিয়েছে, প্রাথমিক তদন্তে আল-আলওয়ানিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা মিলছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে এক লেবাননি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক আরও দুই সিরীয় নাগরিককে গ্রেপ্তারে অভিযান চলছে। গত সপ্তাহে বৈরুতে নামার পর ওই ব্যক্তিরা আল-আলওয়ানিকে বিমানবন্দর থেকে হোটেলে নিয়ে গিয়েছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আল-আলওয়ানির দপ্তরের এক বিবৃতিতে এই মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ ও ‘বিশ্বাসঘাতকতামূলক অপরাধ’ হিসেবে অভিহিত করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, এটি কোনো সাধারণ ঘটনা নয় যে শুধু শোক প্রকাশ করে এড়িয়ে যাওয়া যাবে। এই অপরাধের পেছনে কারা ছিল এবং কারা পরিকল্পনা করেছে, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উন্মোচন করতে হবে; কেউই জবাবদিহির ঊর্ধ্বে নয়। অন্যদিকে লেবাননে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা আল-হুসেইনি জানিয়েছেন, দূতাবাস পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিরাপত্তা সংস্থাগুলোর চূড়ান্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে।
সুন্নি সম্প্রদায়ের রাজনীতিবিদ আহমেদ আল-আলওয়ানি ইরাকের পার্লামেন্টে পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের প্রতিনিধিত্ব করতেন। ২০১২ ও ২০১৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা বিক্ষোভে তিনি সম্মুখসারির নেতা হিসেবে পরিচিতি পান। বিক্ষোভকারীরা সে সময় সরকারের বিরুদ্ধে সাম্প্রদায়িক নীতি ও সুন্নিদের কোণঠাসা করার অভিযোগ তুলেছিলেন। এছাড়া ইরাকে ইরানের অযাচিত প্রভাব এবং তেহরান-সমর্থিত শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোরও কট্টর সমালোচক ছিলেন তিনি।
২০১৩ সালের ডিসেম্বরে রামাদিতে আল-আলওয়ানির বাড়িতে এক রক্তক্ষয়ী নিরাপত্তা অভিযানের সময় তাকে গ্রেপ্তার করা হয়। ওই অভিযানে তার ভাইসহ আরও বেশ কয়েকজন নিহত হয়েছিলেন। পরে ২০১৪ সালে সন্ত্রাসবাদের অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এক দশকের বেশি সময় কারাগারে থাকার পর ২০২৫ সালের এপ্রিলে ইরাকের সাধারণ ক্ষমা আইনের আওতায় তিনি মুক্তি পেয়েছিলেন।
—আল জাজিরার প্রতিবেদনে অবলম্বনে





