প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সাল থেকে দুই বছরের বেশি সময়ে অ্যালিস হুয়াং তার স্বামী ও বোনের সহায়তায় চীন ও সিঙ্গাপুরে একটি জটিল করপোরেট নেটওয়ার্ক গড়ে তোলেন। এই নেটওয়ার্কের মাধ্যমে এনভিডিয়ার উন্নত প্রযুক্তির প্রায় ২ লাখ ৪০ হাজার চিপ চীনে পাঠানো হয়। এর বড় অংশই ছিল যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞাভুক্ত অত্যাধুনিক এইচ১০০ এবং এইচ২০০ মডেলের প্রসেসর।
অনুসন্ধানে দেখা গেছে, এই চিপ পাচার কার্যক্রমের কেন্দ্রে ছিল সাংহাই সেঞ্চুরি লিটং নামের একটি চীনা প্রতিষ্ঠান। ২০২৩ সালের জুনে প্রতিষ্ঠিত হওয়ার মাত্র চার মাসের মাথায় প্রতিষ্ঠানটি এনভিডিয়ার অগ্রাধিকারপ্রাপ্ত ক্লাউড অংশীদারের তালিকায় যুক্ত হয়। ফলে তারা অগ্রাধিকার ভিত্তিতে এনভিডিয়ার চিপ কেনার বিশেষ সুযোগ পায়। এছাড়া সিঙ্গাপুরভিত্তিক মেগাস্পিড ইন্টারন্যাশনালের মাধ্যমে ৪৬০ কোটি ডলার এবং স্পিডম্যাট্রিক্সের মাধ্যমে আরও ২০০ কোটি ডলারের চিপ সংগ্রহ করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অ্যালিস হুয়াংয়ের সঙ্গে রক্তের কোনো সম্পর্ক না থাকলেও এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং তার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছেন। দ্য ইনফরমেশনের তথ্য অনুযায়ী, এনভিডিয়া প্রধানের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ নিয়েই অ্যালিস হুয়াং এসব স্পর্শকাতর চিপ সংগ্রহ করতেন। নিজের প্রভাব জাহির করতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে জেনসেন হুয়াংয়ের সঙ্গে নিয়মিত ছবি পোস্ট করতেন। এমনকি এনভিডিয়া প্রধান নৈশভোজ ও উপহারের মাধ্যমে তার জন্মদিন উদ্যাপন করতেন বলেও দাবি করতেন তিনি। সরবরাহব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ সরবরাহে জট তৈরি হলে তিনি ব্যক্তিগত যোগাযোগ কাজে লাগিয়ে তা দ্রুত ছাড়িয়ে নিতেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মেগাস্পিডের ইন্দোনেশিয়া শাখা ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে সরবরাহকারীদের কাছ থেকে এইচ১০০ প্রসেসর আমদানি করেছে। মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে প্রতিষ্ঠানটি চীনের কাছে এসব চিপ পৌঁছে দিচ্ছে কি না, তা নিয়ে মেগাস্পিডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
চীনের আর্থিক সংবাদমাধ্যম কাইশিনের তথ্যানুযায়ী, প্রায় ৪২ বছর বয়সী অ্যালিস হুয়াং আগে আর্থিক খাতে যুক্ত ছিলেন এবং একসময় টেলিভিশনে সাংবাদিকতা করতেন। পরে তিনি হংকংয়ে এইচএসবিসির প্রাইভেট ব্যাংক, সিআইটিআইসি সিকিউরিটিজ ও সাংহাই হেক্সি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ২০২৩ সালে তিনি মেগাস্পিডের নিয়ন্ত্রণকারী শেয়ারধারী হন। এর আগে ২০১০-এর দশকে তার স্বামী ক্যাং ওয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের প্রথম পরিচয় হয়েছিল।
—এনডিটিভির প্রতিবেদনে অবলম্বনে





