যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মুনসেফপুর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শেখ আবু তালেবের বাড়িতে নির্মাণ কাজ চলছে। দুপুরে তিনি কিছু সরাঞ্জম কিনতে রুপদিয়া বাজারে যান। সেখান থেকে ফেরার পথে মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে পৌঁছালে একই এলাকার শফিয়ার রহমান ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায় এবং কুপিয়ে জখম করে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের দাবি, আবু তালেবের সঙ্গে কারো রাজনৈতিক বা ব্যক্তিগত বিরোধ ছিলো না। কেন তাকে হত্যা করা হয়েছে তারা বুঝতে পারছে না। তবে এ ঘটনায় জড়িতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এদিকে হত্যার খবর শুনেই মুনসেফপুর এলাকায় অভিযান চালায় পুলিশ এবং ঘাতক শফিয়ার রহমানকে আটক করে। পুলিশের দাবি পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমানে জেলা দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।





