বুধবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের বাল্টিক সাগর তীরবর্তী রপ্তানি স্থাপনা ও বৃহৎ তেল শোধনাগার এলাকায় ইউক্রেনীয় ড্রোন হামলায় উস্ত-লুগা বন্দর এলাকায় অগ্নিকাণ্ড ঘটেছে এবং তিনজন আহত হয়েছেন। বেলারুশ সীমান্তবর্তী স্মোলেনস্ক অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো দাবি করেছেন, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ওই অঞ্চলে অন্তত ১৪৬টি ড্রোন ভূপাতিত করেছে। এর আগে কিরিশি শোধনাগারে ড্রোন হামলায় এক নারীর মৃত্যু হয়েছিল।
এদিকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রুশ হামলায় একজন এবং জাপোরিঝঝিয়ায় ছয়জন আহত হয়েছেন বলে দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে। রাতে চালানো রুশ বিমান হামলায় শিল্পনগরী ক্রিভি রিহের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা কৃষ্ণসাগরে ওডেসার দক্ষিণ-পশ্চিমে ইউক্রেনীয় সামরিক সরঞ্জামবাহী একটি পণ্যবাহী জাহাজে আঘাত হেনেছে। পাশাপাশি ক্রিভি রিহ ও ওডেসা অঞ্চলের তিনটি বিদ্যুৎ উপকেন্দ্রে ড্রোন হামলার দাবি করেছে মস্কো। এছাড়া ইউক্রেনে মস্কোর দখলকৃত দোনেৎস্ক অঞ্চলে গোলাবর্ষণে কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।
রাশিয়া ও বেলারুশ সীমান্ত দিয়ে ড্রোন প্রবেশের শঙ্কায় বাল্টিক অঞ্চলের তিন দেশ লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্তোনিয়া নিরাপত্তা সতর্কতা জারি করেছে। লিথুয়ানিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর কাউনাসে প্রায় তিন লাখ বাসিন্দাকে আশ্রয় নেয়ার আহ্বান জানানো হয়। এসব ড্রোন তৎপরতা শনাক্তের পর ন্যাটো জোটের আকাশ প্রতিরক্ষা যুদ্ধবিমানগুলোকে সক্রিয় করা হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ভূত পরিস্থিতিতে ফিনল্যান্ডও উপসাগরীয় আকাশ ও নৌসীমায় সাময়িক বিধিনিষেধ আরোপের পর তা তুলে নেয়।
উভয় পক্ষের এই হামলা বৃদ্ধির মধ্যেই আবুধাবিতে দুই দেশের মধ্যকার শান্তি আলোচনা বুধবার দ্বিতীয় ও শেষ দিনে গড়িয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনার প্রথম দিনটিকে ‘গঠনমূলক ও যথেষ্ট অর্থপূর্ণ’ বলে উল্লেখ করেছেন।





