ইতালিজুড়ে তিন শতাধিক স্কুলে বোমাতঙ্ক; নিরাপদ আশ্রয়ে নেয়া হল শিক্ষার্থীদের

এবি কাইরোলি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে পুলিশের সদস্যরা
বিদেশে এখন
0

ইতালিজুড়ে তিন শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা হামলার ধারাবাহিক ভুয়া হুমকির পর আজ (বুধবার, ১১ নভেম্বর) শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। তবে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, নিরাপত্তা তল্লাশির পর বাস্তব কোনো ‘সুনির্দিষ্ট বিপদজনক কোনো উপাদান’ পাওয়া যায়নি।

ইতালির সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, দেশটির অন্তত ৩১২টি স্কুল এই হুমকির নিশানা হয়। উদ্ভূত পরিস্থিতিতে বুধবারই সরকারের একটি জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী মেলোনি। ফেসবুকে দেয়া এক বার্তায় তিনি বলেন, ‘এখন পর্যন্ত হওয়া পরীক্ষার ভিত্তিতে সুনির্দিষ্ট কোনো বিপদের অস্তিত্বের প্রমাণ মেলেনি। বরং এটি জনমনে চরম উদ্বেগ ও ভীতি তৈরির একটি কৌশল বলেই মনে হচ্ছে। এর নেপথ্যে কী রয়েছে, তা নিয়ে প্রয়োজনীয় সব তদন্ত চলছে।’

একই দিনে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের বেশ কিছু স্কুলেও একই ধরনের ভুয়া বোমাতঙ্কের কারণে শিক্ষার্থীদের সরিয়ে নেয়ার ঘটনা ঘটে। ইতালির স্কুলপ্রধানদের সংগঠন এএনপির সভাপতি আন্তোনেল্লো জান্নেল্লি বলেন, হুমকিগুলো পুরোপুরি মিথ্যা ছিল। তবে বর্তমান যোগাযোগপ্রযুক্তির দায়িত্বহীন ব্যবহারের মাধ্যমে কীভাবে বড় পরিসরে অচলাবস্থা সৃষ্টি করা যায়, এ ঘটনা তারই দৃষ্টান্ত। কারা এই হুমকির পেছনে রয়েছে, তা দ্রুত শনাক্তের আহ্বান জানান তিনি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপজুড়ে বাণিজ্যিক ফ্লাইটে একের পর এক ভুয়া বোমাতঙ্ক এবং ইতালিসহ বিভিন্ন দেশে সুপারশপের খাদ্য হিমায়িতকরণ ব্যবস্থায় ধারাবাহিক সাইবার হামলার ঘটনার পরই স্কুলগুলোতে এই হুমকি এল। এর আগে শনিবার ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি অভিযোগ করেন, ইউক্রেনকে সহায়তা দেয়ার কারণে সাইবার অপরাধীরা তার ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে। ধারাবাহিক এসব ঘটনার পর ইউরোপজুড়ে তথাকথিত ‘হাইব্রিড যুদ্ধের’ আশঙ্কা ও নিরাপত্তা উদ্বেগ ক্রমেই বাড়ছে।

এএম