হাসপাতালে চিকিৎসা নিয়ে কারাগারে ফিরলেন ইমরান খান

আবিদ মঈন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
বিদেশে এখন
0

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়ার পর আবার কারাগারে ফিরিয়ে নেয়া হয়েছে। গতকাল (মঙ্গলবার, ১০ নভেম্বর) রাতে তাকে ইসলামাবাদের একটি হাসপাতালে নেয়া হয়। আজ (বুধবার, ১১ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খানের চোখ পরীক্ষা করা হয় পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিমস)। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, তার রক্তচাপজনিত কিছু সমস্যা ছিল। মঙ্গলবার রাতে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর তাকে আবার কারাকক্ষে ফিরিয়ে নেয়া হয়েছে।

ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা ইমরান খান ২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর একাধিক দুর্নীতির মামলার মুখোমুখি হন। তিন বছরের বেশি সময় ধরে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে দেয়া একটি ছাড়া বাকি সব দণ্ড স্থগিত বা বাতিল হয়েছে। এসব বিষয়ে আপিল এখনো বিচারাধীন। ইমরান খান তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে এসব মামলা করা হয়েছে। তবে সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।

ইমরান খানের আইনজীবীদের দাবি, কারাগারে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বিশেষ করে ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গত আগস্টে হাসপাতালে নেয়ার উদ্যোগ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার পর মঙ্গলবারই প্রথম তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া এবং পরে কারাগারে ফিরিয়ে আনার ঘটনা জানা গেল।

এদিকে পাকিস্তানের একটি আদালত ইমরান খানের আইনজীবী দলকে তার সঙ্গে দেখা করার অনুমতি দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তার দল এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে তার স্ত্রীর সঙ্গেও সাক্ষাতের সুযোগ দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। অন্যদিকে, ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ডেপুটি চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশিকেও মঙ্গলবার লাহোরের একটি কারাগার থেকে শহরের হাসপাতালে নেয়া হয়েছে। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এএম