এটি দেশটির ইতিহাসে সবচেয়ে বড় ও প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব। সামগ্রিকভাবে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও দ্বিতীয় সর্বোচ্চ প্রাণঘাতী ইবোলার ঘটনা। এর আগে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া মহামারি ছিল সবচেয়ে ভয়াবহ, যেখানে ২৮ হাজার ৬০০ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন এবং প্রাণ হারিয়েছিলেন ১১ হাজারের বেশি মানুষ।
এবারের প্রাদুর্ভাবের জন্য দায়ী ইবোলা ভাইরাসের বিরল ‘বান্দিবুগিও’ ধরন (স্ট্রেন)। এই ধরনে আক্রান্ত ব্যক্তিদের প্রায় অর্ধেকেরই মৃত্যু হয়। বান্দিবুগিও ধরনের জন্য নির্দিষ্ট কোনো অনুমোদিত টিকা বা চিকিৎসা পদ্ধতি না থাকায় সংক্রমণ নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এছাড়া দেরিতে রোগ শনাক্ত হওয়া, স্থানীয় সংঘাতপূর্ণ পরিস্থিতি এবং ভেঙে পড়া চিকিৎসাব্যবস্থার কারণে আগের প্রাদুর্ভাবগুলোর চেয়ে এবার ভাইরাসটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে।
কঙ্গোর মোট ২৬টি প্রদেশের মধ্যে ইতিমধ্যে ৮টিতেই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। চিকিৎসার সুযোগ না পেয়ে বহু আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে চিকিৎসাকেন্দ্রগুলোর বাইরে। সংকট মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) চলতি মাসের শুরুর দিকে দুটি নতুন ইবোলা টিকার পরীক্ষামূলক ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে। তবে এই পরীক্ষার ফলাফল পেতে ২০২৭ সালের শুরু পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
এদিকে কঙ্গোর সীমান্ত পেরিয়ে পূর্ব, মধ্য ও পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশেও সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে এটি পুরো আফ্রিকা মহাদেশের ইতিহাসে ভৌগোলিকভাবে সবচেয়ে বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাবে রূপ নিয়েছে।
—আল জাজিরার প্রতিবেদনে অবলম্বনে





