আজ (বুধবার, ১১ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৫ সালের ৭ ডিসেম্বর সরাইল থানায় যোগ দেন মনজুর কাদের ভূঁইয়া। দায়িত্ব পালনকালে বিভিন্ন ঘটনায় তাকে ঘিরে বিতর্ক তৈরি হয়। এর মধ্যে গত ২২ অক্টোবর রাতে সরাইল থানায় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা আলোচনায় আসে।
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে ওই রাতে থানায় যান রুমিন ফারহানা। এসময় তার সঙ্গে থাকা এক ব্যক্তি ওসির বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগ করেন। তবে অভিযোগ অস্বীকার করেন ওসি মনজুর কাদের ভূঁইয়া। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশ।
এছাড়া পুলিশের চাকরিতে থাকা অবস্থায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যপদ বহাল রাখার অভিযোগে গত ৩০ অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় সমিতি। তবে মনজুর কাদের ভূঁইয়ার দাবি, পুলিশে যোগদানের আগেই তিনি সদস্যপদ স্থগিতের আবেদন করেছিলেন। নোটিশের জবাবে প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিয়েছেন তিনি।
বদলির আদেশের পর সরাইল থানায় নতুন ওসি হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন, তা এখনো জানা যায়নি।





