সংঘাতের কারণে জলবায়ু সংকট যেন হারিয়ে না যায় কপ৩১-এ বিশ্বনেতাদের তাগিদ

তুরস্কের আনতালিয়ায় কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
বিদেশে এখন
0

বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, ভূরাজনৈতিক সংঘাত ও বাণিজ্য বিরোধের কারণে বৈশ্বিক উষ্ণতা মোকাবিলার মূল লড়াই যেন থমকে না যায়—তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ৩১) এই সতর্কবার্তা দিয়েছেন বিশ্বনেতারা। একই সঙ্গে সম্মেলনে অংশগ্রহণকারী নেতারা জলবায়ু পদক্ষেপের ক্ষেত্রে একটি নতুন কৌশল সামনে এনেছেন; যেখানে যুক্তি তুলে ধরে বলা হয়েছে, লাগামহীন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতেই অবিলম্বে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে হবে।

সম্মেলনের মূল অধিবেশনে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জলবায়ু সংকটকে আন্তর্জাতিক অগ্রাধিকারের শীর্ষে ফিরিয়ে আনার তাগিদ দেন। গত বছর কপ৩০ সম্মেলনের আয়োজক ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেন, ‘এক বছর আগে বিশ্ব অত্যন্ত আশাবাদী হয়ে সম্মেলন শেষ করেছিল। কিন্তু এ বছরের শুরু থেকেই সেই গতি হারিয়ে গেছে। বিশ্বনেতাদের বক্তব্য ও নথিপত্র থেকে জলবায়ু পরিবর্তনের বিষয়টি প্রায় হারিয়েই গেছে। ভবিষ্যৎ প্রজন্মের বেঁচে থাকার লড়াইয়ের চেয়ে অস্ত্র ও শুল্ক নিয়েই আমরা বেশি কথা বলছি। এই ধরিত্রী কোনোভাবেই ভূরাজনৈতিক আধিপত্যের লড়াইয়ের জিম্মি হতে পারে না।’ একই সুর মিলিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, যুদ্ধ, সংকট, অভিবাসন, দুর্ভিক্ষ ও দারিদ্র্য দিন দিন আন্তর্জাতিক সংহতির প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে তুলছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল সরবরাহে বিঘ্ন ঘটায় বিশ্ববাজারে জ্বালানির দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে খাদ্যদ্রব্য থেকে শুরু করে জীবনযাত্রার ব্যয় বেড়ে গিয়ে আন্তর্জাতিক অর্থনীতিকে সংকটে ফেলেছে। সম্মেলনের মঞ্চে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘বিশ্বের তিন-চতুর্থাংশ মানুষ এমন দেশে বসবাস করে, যারা জীবাশ্ম জ্বালানি আমদানি করে। তারা এমন এক জ্বালানি মূল্যের ধাক্কায় জিম্মি হয়ে পড়েছে, যা তারা নিজেরা তৈরি করেনি এবং নিয়ন্ত্রণও করতে পারে না।’ তিনি সতর্ক করে বলেন, মন্থর আন্তর্জাতিক পদক্ষেপ বিশ্বকে নিশ্চিত ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই বহুমুখী সংকট থেকে উত্তরণে দ্রুত নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের আহ্বান জানান তিনি।

জাতিসংঘের জলবায়ু কার্যালয়ের প্রধান সাইমন স্টিল জানান, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতার চরম রাজনৈতিক মূল্য দিতে হচ্ছে দেশগুলোকে। বিশ্বব্যাপী জ্বালানি বাজারের অস্থিতিশীলতা এবং ঘন ঘন জলবায়ু দুর্যোগের কারণে মূল্যস্ফীতি বাড়ছে এবং পরিবারের বাজেট ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে এই অর্থনৈতিক চাপ সামলাতে জলবায়ু পদক্ষেপের বিকল্প নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ইউরোপীয় জ্বালানি কমিশনার ড্যান জরগেনসেনও উল্লেখ করেন, যারা জলবায়ু সংকটের বিজ্ঞানে পুরোপুরি বিশ্বাস করেন না, তাদেরও জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক সুরক্ষার স্বার্থেই জীবাশ্ম জ্বালানির বিকল্প খোঁজা প্রয়োজন।

বিজ্ঞানীদের বরাতে সম্মেলনে জানানো হয়, প্যারিস চুক্তিতে নির্ধারিত বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির সীমা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রমের ঝুঁকিতে রয়েছে পৃথিবী। চলতি ২০২৬ সালে পশ্চিম ইউরোপজুড়ে নজিরবিহীন তাপপ্রবাহ এবং নেপালে হিমবাহ ধসের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ১ হাজার ৪৫০ জনের বেশি মানুষের মৃত্যু সেই সংকটকে স্পষ্ট করেছে। এমন জরুরি পরিস্থিতির মধ্যেও বৈশ্বিক কার্বন নিঃসরণে ঐতিহাসিকভাবে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র দ্বিতীয় বছরের মতো এই জলবায়ু সম্মেলন বয়কট করেছে। জলবায়ু পরিবর্তনকে ‘ভুয়া’ আখ্যা দিয়ে ২০২৫ সালে ক্ষমতায় এসেই চুক্তি থেকে দেশকে প্রত্যাহার করে নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া জি-৭ জোটভুক্ত যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, জাপান, ইতালি ও কানাডার মতো প্রধান অর্থনীতির শীর্ষ নেতারাও এবারের সম্মেলনে অনুপস্থিত রয়েছেন।

—রয়টার্সের প্রতিবেদনে অবলম্বনে

এএম