প্রথমবারের মতো অধিনায়কের বাহুবন্ধনী হামজা চৌধুরীর হাতে। ইংলিশ ভূমি থেকে দেশে নেমেই দায়িত্বের চাপ পড়লো কাঁধে। কিন্তু, হামজা দেখালেন নিজের কারিশমা। দুর্দান্ত এক জয়ে শুরু থেকে শেষ পুরোটা দেখলেন বাংলাদেশের নতুন অধিনায়ক।
শুরুটা অবশ্য আরেক প্রবাসী শোমিতকে নিয়ে। আগের দিন করেছেন অ্যাসিস্ট। আজ পেলেন গোল। ৮ম মিনিটে রিবাউন্ডের বল পেয়ে দারুণ ফিনিশে স্কোরশিটে ব্যবধান করলেন ১-০। জানান দিলেন, নিজের পজিশনে শোমিত অপ্রতিরোধ্য।
ম্যাচের আগে শ্রীলঙ্কার কোচ বলেছিলেন, হামজার চেয়ে নাকি ফারহানকেই এগিয়ে রাখেন তিনি। সেই কথাই হয়ত তাঁতিয়ে দিয়েছিল বাংলাদেশ কাপ্তানকে। ব্যাকহিলে দারুণ এক গোল পেতে পারতেন। সেটি না হলেও বিরতির আগে ঠিকই লিড ২-০ করলেন দর্শনীয় এক শটে। লঙ্কার কোচ আব্দুল্লাহ মুতাইরি টের পেলেন হামজার ঝাঁজ।
প্রথমার্ধে হামজা-শোমিত গোল পেয়েছেন। ফারহান আলী ওয়াহিদ পিছিয়ে থাকেন কী করে। দ্বিতীয়ার্ধে বক্সে তিনজনকে কাটিয়ে যে ফিনিশিং করলেন, বাংলাদেশের মানুষ সেটা মনে রাখবে বহুদিন। ফারহানের সেই লক্ষ্যভেদে ব্যবধান হলো ৩-০।
শুধু কি প্রবাসীরাই গোল করবেন? দেশি-প্রবাসী মিলিয়েই তো বাংলাদেশ। রাকিব প্রমাণ করলেন সবাইকে নিয়েই শিরোপা স্বপ্ন দেখা যায়। গিয়ে আসা গোলরক্ষক সুজন পেরেরার বিপক্ষে চিপ শটের ক্লিনিকাল ফিনিশ পূরণ করলো বাংলাদেশের বিশাল জয়।





