সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর ৩৯ বছর বয়সী বড় ছেলে জিবরান পাঁচ বছরের মেয়াদের মধ্যে দুই বছর দায়িত্ব পালন করে পদ ছাড়লেন। ইন্দোনেশিয়ার সাংবিধানিক আদালত ও সুপ্রিম কোর্ট গত মাসে জানান, জিবরানের জমা দেয়া বিদেশি শিক্ষাগত যোগ্যতার নথিপত্র নির্বাচনি শর্ত পূরণ করেনি। সমালোচকদের অভিযোগ, তার কোনো হাইস্কুল ডিপ্লোমা সনদ ছিল না।
আদালতের ওই পর্যবেক্ষণের পর বুধবার আটটি রাজনৈতিক দলের ১২০ জন আইনপ্রণেতা হাউস অব রিপ্রেজেন্টেটিভসের নেতাদের কাছে জিবরানকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করতে আবেদন জানান। ইন্দোনেশিয়ার আইন অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট নির্বাচনি বিধিনিষেধ লঙ্ঘন করে দায়িত্বে ছিলেন কি না, তা যাচাইয়ে পার্লামেন্টে বিশেষ কমিটি গঠনের বিধান রয়েছে। আইনপ্রণেতারা অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পেলে বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সাংবিধানিক আদালতে পাঠানোর নিয়ম রয়েছে। এই রাজনৈতিক তৎপরতার মুখেই সরে দাঁড়ালেন জিবরান।
ইন্দোনেশিয়ার সংবিধান অনুযায়ী, ভাইস প্রেসিডেন্টের পদ শূন্য হলে নতুন কোনো জাতীয় নির্বাচন হয় না। শূন্য পদটি পূরণে আগামী ৬০ দিনের মধ্যে প্রেসিডেন্ট প্রাবোও দুজন প্রার্থীর নাম প্রস্তাব করবেন। প্রস্তাবিত প্রার্থীদের মধ্য থেকে একজনকে পরবর্তী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করবে পার্লামেন্টের উচ্চকক্ষ পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলি।
ছেলের পদত্যাগের পর নিজের শহর সোলো থেকে সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদো সাংবাদিকদের জানান, রাজনীতিতে এমন পরিস্থিতি তৈরি হওয়া স্বাভাবিক বিষয়। তিনি বলেন, রাজনৈতিক পদ সাময়িক এবং প্রাবোও সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাদের সমর্থন অব্যাহত থাকবে।
অর্থনৈতিক সংকট, দুর্নীতি এবং টানা কয়েক মাসের তীব্র দাবানল থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ায় সাধারণ মানুষের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় দেশজুড়ে সরকারবিরোধী ক্ষোভ যখন বাড়ছে, ঠিক তখনই জিবরানের এই পদত্যাগের ঘটনা ঘটলো।





