টস জিতে আগে ব্যাট করতে নেমে পাক পেসারদের তাণ্ডবে শুরু থেকেই এলোমেলো হয়ে পড়ে বাংলাদেশের যুবাদের ব্যাটিং লাইনআপ।
ইনিংসের দ্বিতীয় ওভারে জারিফ সিয়ামের বিদায়ে শুরু। একে একে কাওসার, ফরিদ, মুমিন সবাই শামিল হন আসা-যাওয়ার মিছিলে। একপ্রান্ত আগলে রাখা ওপেনার আবদুল্লাহ আল মুহি ৫০ রান করে আউট হলে, শেষ হয়ে যায় সব সম্ভাবনা।
টেলএন্ডারও ব্যর্থ হলে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পাকিস্তানের রিজওয়ানউল্লাহ ৩০ রান খরচায় শিকার করেন ৫ উইকেট। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দুই পাক ওপেনার ওসমান খান ও হায়াম খানই কার্যত ম্যাচ শেষ করে দিয়ে আসেন। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ১২৩ রান।
৬৯ রান করে হায়াম আউট হলেও, ওসমান অপরাজিত থাকেন ৬৪ রানে। তাতে ৯ উইকেট আর ১৬৯ বল হাতে রেখে ম্যাচ জিতে ফাইনালে উঠে যায় পাকিস্তান। আর শূন্য হাতে দেশে ফিরতে হচ্ছে হান্নান সরকারের দলকে।





