হাঙ্গেরিতে সাবেক মন্ত্রীর দুর্নীতির তদন্তে বনের মাটি খুঁড়ে মিললো প্রায় ২ কোটি ডলার

হাঙ্গেরির মুদ্রা ফরিন্টের নোট
বিদেশে এখন
0

হাঙ্গেরির সাবেক ডানপন্থি প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের আমলের এক মন্ত্রীর বিরুদ্ধে ঘুষের তদন্তে প্রায় ২ কোটি (২০ মিলিয়ন) ডলার সমমূল্যের নগদ অর্থ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। এসব অর্থের কিছু অংশ বনের ভেতর মাটির নিচে পুঁতে রাখা ছিল এবং বাকিটা খামারবাড়ি ও গুদামে লুকিয়ে রাখা হয়েছিল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অরবান সরকারের সাবেক মন্ত্রী মিকলোস সেসতাকের বিরুদ্ধে এই তদন্ত চলছে। তিনি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত উন্নয়নমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অবশ্য সেসতাক নিজের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। উদ্ধার হওয়া অর্থের বিষয়ে দেশটির ন্যাশনাল অ্যাসেট রিকভারি অ্যান্ড প্রোটেকশন অফিসের বিবৃতি নিয়ে মন্তব্যের জন্য ই-মেইল করা হলেও তার আইনজীবী গাবর পাপ কোনো সাড়া দেননি।

শুক্রবার গভীর রাতে ন্যাশনাল অ্যাসেট রিকভারি অ্যান্ড প্রোটেকশন অফিস জানায়, ‘তল্লাশির সময় তদন্তকারীরা বনের মাটির নিচে পুঁতে রাখা, খামারবাড়ি, গুদাম ও একটি আবাসিক ভবনে লুকিয়ে রাখা এবং নির্জন স্থানে একটি মূল্যবান সিন্দুকে সংরক্ষিত অবস্থায় বিপুল পরিমাণ নগদ অর্থ খুঁজে পেয়েছেন।’

হাঙ্গেরির অর্থমন্ত্রী আন্দ্রেস কারমান জানান, উদ্ধার হওয়া অর্থের মধ্যে রয়েছে ৫০৭ কোটি ফোরিন্ত (১ কোটি ৫৩ লাখ ৩০ হাজার ডলার), ২৬ লাখ ৬০ হাজার ইউরো (২৯ লাখ ৩০ হাজার ডলার) এবং ১২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। রাষ্ট্রীয় কোষাগারের ১২ জন কর্মীর পাঁচটি টাকা গণনার যন্ত্র ব্যবহার করে এই অর্থ গুনতে আট ঘণ্টা সময় লেগেছে।

গত এপ্রিলের নির্বাচনে জাতীয়তাবাদী নেতা ভিক্টর অরবানকে হটিয়ে ক্ষমতায় আসেন বর্তমান প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার। এর মধ্য দিয়ে অরবানের ১৬ বছরের শাসনের অবসান ঘটে। অরবানের আমলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে হাঙ্গেরির যে দীর্ঘ বিরোধ তৈরি হয়েছিল তা মিটিয়ে ফেলা এবং দুর্নীতির অভিযোগগুলোর বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানোর অঙ্গীকার করেছিলেন মাগিয়ার।

মধ্য-ডানপন্থি নেতা মাগিয়ার দুর্নীতিবিরোধী এই অভিযানের নাম দিয়েছেন অপারেশন পারগেটরি। চলতি সপ্তাহে সংবাদ ওয়েবসাইট এইচভিজিতে প্রকাশিত জরিপ সংস্থা মিডিয়ানের এক সমীক্ষায় দেখা গেছে, ৭০ শতাংশ উত্তরদাতা এই অভিযানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন।

পৃথক তদন্তে দুর্নীতির অভিযোগে অরবান সরকারের সাবেক দুই মন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান গিয়র্গি মাতোলচিকে গ্রেপ্তার করা হয়েছে। তারাও অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। এছাড়া মানব পাচারের একটি মামলায় অরবানের ভাইকেও আটক করেছে কর্তৃপক্ষ। তবে সাবেক নেতা অরবান এটিকে রাজনৈতিক প্রতিশোধ বলে উড়িয়ে দিয়েছেন।

প্রধানমন্ত্রী মাগিয়ার বলেছেন, উদ্ধার হওয়া এই অর্থ অরবানের ১৬ বছরের শাসনামলে তার ডানপন্থি দল ফিদেজ এবং জোটের শরিক ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন মাফিয়া চক্রের অবসানের ইঙ্গিত দিচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষক গাবর তোরোক বলেন, নগদ অর্থের বিশাল স্তূপের ছবিগুলো এতটাই স্পষ্ট যে তা সম্ভবত ফিদেজ পার্টির জন্য চরম বিপর্যয় ডেকে আনবে। মিডিয়ানের জরিপ অনুযায়ী, নির্বাচনের আগের তুলনায় নভেম্বরে এসে দলটির জনসমর্থন অর্ধেকে নেমে মাত্র ১৬ শতাংশে দাঁড়িয়েছে।

এএম