ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং; পাঁচ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়
শিক্ষা , ক্যাম্পাস
এখন জনপদে
0

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই বিভাগে র‍্যাগিংয়ের ঘটনায় ৫ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কারসহ ৩০ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরমধ্যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৭ জন এবং লোক প্রশাসন বিভাগের ১৩ জন শিক্ষার্থী রয়েছেন।

আজ (শনিবার, ১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এরআগে গত ১ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭৬তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের দুই শিক্ষার্থী সানি নেহালী ও সানাউলকে দুই বছর করে এবং শেখ মেহেদী হাসানসহ ১৫ জনকে এক বছর করে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে লোক প্রশাসন বিভাগের আল নাজিব মাহি, খাইয়ুম মোস্তফা, মো. আব্দুল কায়ুম, তারিফ জামান রাজ ও মোফাজ্জল হোসেন বরকতকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া মোজাহেদুল ইসলাম মীম, সায়েম হাফিজ সিয়াম, মো. আব্দুল ফাত্তাহ আকিব ও নবী হোসেন শুভকে এক বছর করে বহিষ্কার এবং তানভিন ইসলাম, জাহিদুল ইসলাম, আহসানুল হাবিব ও আব্দুল হালিমকে সতর্ক করা হয়েছে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, ‘সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে শাস্তির বিরুদ্ধে ভুক্তভোগী শিক্ষার্থীরা আপিল করতে পারবেন কি না, তা তার জানা নেই। এ বিষয়ে উপাচার্য বলতে পারবেন।’

এএইচ